
‘ওই পিচ্চি, এদিকে আয়, শাড়ির ফলসটা খোল!’ যাকে বলা হলো, সে হাত বাড়িয়ে শাড়িটা নেয়। এরই মধ্যে আরেকজন বলে, ‘পিচ্চি, সবুজ ওড়নাটা পাইপিংয়ে দিয়া আয় তো!’ শাড়িটা রেখেই ‘পিচ্চি’ ওড়না পাইপিং করাতে দৌড়ায়। কিছুক্ষণ পর খানিকটা অবসর মেলে তার। ১৮ মার্চ বিকেলে রাজধানীর গাউছিয়া মাকের্টের নূর ম্যানশনের একটি টেইলার্সে কথা হয় এই ‘পিচ্চি’র সঙ্গে।
নাম কী?
‘ইব্রাহিম। তয় দোকানে সবাই আমগোরে পিচ্চি কইয়্যাই ডাকে।’
ব্যাপারটা খুলে বলে ইব্রাহিম। এই ধরনের টেইলার্সে ৭ থেকে ১৬-১৭ বছরের ছেলেরা কাজ করে। তাদের পিচ্চি নামেই ডাকে সবাই। তাদের আসল নাম ‘পিচ্চি’ নামের স্রোতে হারিয়ে যায়।
প্রশ্ন করি, বয়স কত?
‘এই ধরেন, ১২-১৩।’
কোথায় থাকো?
‘লালবাগের শহীদনগর।’ ছোট্ট উত্তর
তোমার ভাইবোন কয়জন?
‘দুই ভাই, দুই বোন। তয় এক ভাই হারায়্যা গেছে।’
অবলীলায় বলে কথটা। যেন এটা কোনো ঘটনাই না। ‘ও সবার ছোড আছিল। যখন হারাইছিল, তহন বয়স আছিল সাড়ে তিন বচ্ছর। ওরে ঘুমে রাইখ্যা মায় কামে গেছিল। আইস্যা দেখে, ভাই ঘরে নাই। তারপর অনেক খুঁজছি, আর পাই নাই। আব্বাও মইর্যা গ্যাছে।’ গোপনে ছোট্ট একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
তারপর জীবনের টানাপোড়েনের গল্প শুরু করে ইব্রাহিম। পাঁচ বছর আগেও বেশ চলছিল সংসার। চার বছর আগে হঠাৎ বাবা ওসমান গনি ব্লাড ক্যানসারে মারা যান। চার সন্তানকে নিয়ে জীবনের লড়াইটা শুরু করেন মা। একটা হাসপাতালে কাজ শুরু করেন। কিন্তু মায়ের একার আয়ে সংসার চলছিল না। ইব্রাহিমের বয়স তখন মাত্র আট বছর। এই বয়সেই সে কাজ করতে শুরু করে এলাকার একটা চায়ের দোকানে। তার দায়িত্ব, টেবিলে টেবিলে চা দেওয়া। বেতন প্রতিদিন ২০ টাকা। আবার কাপ-প্লেট ভাঙলে, সেদিন আর টাকা পেত না। কিছুদিন পর আরেকটা দোকানে কাজ নিল। কিন্তু সেখানেও সপ্তাহে ২০০ টাকা। সেখানে এক বছর কাজ করার পর আবার অন্য চাকরি। নিউমার্কেটের একটা দোকানে। বেতন এক হাজার ৫০০ টাকা। কিন্তু চাকরিটা টিকল না। তার অপরাধ, সে খুব ছোট। লম্বা লম্বা পুতুলের গায়ে শার্ট পরাতে পারে না। মালিক বলেছেন, ‘তোরে রাখুম না। কাম দেইখ্যা কামে লাইগ্যা যা!’ তারপর নূর ম্যানশন মার্কেটে এই লেডিস টেইলার্সের দোকানে।
জিজ্ঞেস করলাম, এখন বেতন কত পাও?
‘এইহানে ভালাই। মাসে দুই হাজার টেকা। আবার প্রত্যেক দিন নাশতা আর আসা-যাওয়ার ভাড়া দেয় ২০ টেকা। সেই টেকা খাই না। টিফিন বাটিতে ভাত লাইয়্যা আসি। সেগুলা খাই। আর হাঁইট্যা আসা-যাওয়া করি। তয় মাঝেমইধ্যে নাশতার টেকাও খাইয়্যা ফেলি। সব দিন বাড়িতে রান্ধন হয় না। কোনো কোনো দিন মায় রান্ধনের সময় পায় না। আবার কোনো দিন ঘরে চাল থাহে না। তহন কারও কপালেই খাওয়া জুডে না। সেদিন না খাইয়্যাই দোকানে আইস্যা পড়ি। মালিকের কাছে নাশতার ২০ টেকা চাই। সেই টেকা দিয়া ভাত কিন্যা খাই। মন চায় না টেকাটা খরচ করতে, প্যাডে চায়।’
এখানে কী কাজ করতে হয়?
‘আরে আফা!’ বোঝানোর ভঙ্গিতে বলে, ‘কামের কোনো শ্যাষ নাই। সকালে আইস্যাই দোকান ঝাড়ু দিই। দোকান মুছি। তারপর টেবিল গোছাই। তারপরে সারা দিন কারখানা আর দোকানে দোকানে দৌড়াদৌড়ি। ব্লাউজের হাতা খুলি, সিলি খুলি। ব্লাউজের লাইলিং ধুই। আবার ধরেন, মালিকের লাইগ্যা ভাত আনি। এই রকম আরও অনেক কাজ। ফাই-ফরমাশ খাটি। আমার কামের হিসাব নাই। সারা দিন দৌড়ের উফরে থাহি।’
প্রশ্ন করি, ছুটি কখন?
‘সাড়ে নয়টা-দশটা বাজে।’
তুমি স্কুলে পড়েছ?
‘ছোটবেলায় পড়ছিলাম। কয় দিন ইসকুলেও গেছিলাম। তয় এখন কিছু মনে নাই। নাম লিখতেও ভুইল্যা গেছি।’ বলেই ফিক করে হেসে ফেলে ইব্রাহিম।
ওর মুখে হাসির রেশটা লেগেই থাকে। এরই মধ্যে পরের প্রশ্নটা করি, বড় হয়ে কী হতে চাও?
এবার হাসিটা নিভে যায় দপ করে! কপালটা কুঁচকে যায়! যেন চিন্তার বলিরেখা! চিন্তিত ভঙ্গিতে বলে, ‘কী আর হইতে পারুম? এই কাম ছাড়া কি আর পারি!’ তারপর যে দোকানে কাজ করে, সেদিকে আঙুল তুলে বলে, ‘বড় হইয়্যা এই রকম একটা দোকানের মালিক হইতে চাই।’