‘আগে ইন্টারনেটে শুধু ফেসবুক দেখতাম আর কয়েকটা গান ডাউনলোড করতাম। কিন্তু এখন দেখছি সারা দুনিয়া আমার হাতে। সত্যিই পৃথিবীর পাঠশালায় প্রবেশ করলাম।’ আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্র সুস্ময় দেবনাথ। কটিয়াদী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আয়োজন করা হয়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়, রাঙামাটির কাপ্তাই উচ্চবিদ্যালয় এবং বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরেও গতকাল ইন্টারনেট উৎসব হয়। ‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো উৎসব শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর।গতকাল সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইন্টারনেট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জনকে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। ওই ১০ জনের মধ্যে সেরা আই-জিনিয়াস পায় পদক ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ।ইন্টারনেট উৎসবের প্রতিটি কেন্দ্রেই ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার সব উপকরণ। শিক্ষার্থীরা এসব দারুণভাবে উপভোগ করে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ। এ সময় তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে এ ধরনের অনুষ্ঠান খুবই দরকারি। আমার বিদ্যালয় অনুষ্ঠানের স্থান (ভেন্যু) নির্বাচিত হওয়ায় আমার শিক্ষার্থীরা ও আমি নিজে খুবই আনন্দিত।’ শুভেচ্ছা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, গ্রামীণফোনের কর্মকর্তা মিনহাজ-উল-আলম। আই-জিনিয়াস নির্বাচিত হয় নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ফয়সাল আহমেদ। ফয়সাল বলে, ‘জ্ঞানার্জন ও আনন্দ লাভের জন্যই ইন্টারনেট ব্যবহার করি। আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার আনন্দ দারুণভাবে উপভোগ করছি।’ ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অনুষ্ঠান উপভোগ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও কুইজ ও পুরস্কারের ব্যবস্থা করা হয়। মৌলভীবাজার: শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান এবং উৎসবের উদ্বোধন করেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহাজাহান। তিনি বলেন, ‘প্রথম আলো তথ্যপ্রযুক্তি প্রসারে যে অবদান রাখছে, তাকে সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের সব প্রতিযোগিতায় শামিল হতে হবে। যে সামর্থ্য আছে, তাই নিয়ে এগোতে হবে।’ তিনি আরও বলেন, দেশের আর্থসামাজিক চেহারা বদলে দিতে তথ্যপ্রযুক্তির যে সুযোগ আছে, তাকে কাজে লাগাতে হবে।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রামীণফোন মৌলভীবাজারের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাজেদুর রহমান এবং প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন। উপস্থাপনায় ছিলেন বন্ধুসভার আমিনা আইরিন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কে জি অ্যান্ড হাইস্কুল, সৈয়দ শাহ মোস্তফা কলেজ, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয় ও আপ্তাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। মৌলভীবাজারের আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে গতবারের (২০১১) আই-জিনিয়াস ইবতেসাম নওশিন। সে বলে, ‘আবারও আমি আই-জিনিয়াস হব, ভাবতেই পারিনি। আবার উৎসবে ঢাকায় যেতে পারব ভেবে খুব আনন্দ হচ্ছে।’ জয়পুরহাট: অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন। অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোন জয়পুরহাটের জেলা কর্মকর্তা তানভীর আহম্মেদ এবং প্রথম আলোর জয়পুরহাট প্রতিনিধি আসাদুল ইসলাম। জেলা শহরের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক উৎসবে যোগ দেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: জয়পুরহাট সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সদর উপজেলা উচ্চবিদ্যালয়, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, পুলিশ লাইনস্ একাডেমি ও জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়। রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রিফাত জামান জয়পুরহাটের আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে।আমতলী (বরগুনা): উৎসবের উদ্বোধন এবং শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবর রহমান। স্বাগত বক্তব্য দেন গ্রামীণফোনের বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র লোদ ও প্রথম আলোর আমতলী প্রতিনিধি খায়রুল বাশার। আমতলী ডিগ্রি কলেজ, বকুল নেছা মহিলা কলেজ, একে পাইলট হাইস্কুল, এমইউ মাধ্যমিক বিদ্যালয়, এমইউ পাইলট বালিকা বিদ্যালয়, ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়, সানরাইজ আইডিয়াল স্কুল ও জাওড়া কারিগরি কলেজের শিক্ষার্থীরা উৎসবে অংশ নেয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় মারুফ হাসান। আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হাসান ২০১১ সালেও আই-জিনিয়াস হয়েছিল। সে বলে, ‘ভাষা হারিয়ে ফেলেছি। বলার কিছু নেই। গতবার আই-জিনিয়াস হওয়ার পর থেকে চর্চা বন্ধ করিনি। তাই এবারও আই-জিনিয়াস হতে পেরেছি।’ কটিয়াদী (কিশোরগঞ্জ): অনুষ্ঠান উদ্বোধন করেন কটিয়াদী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান কটিয়াদী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জসীম উদ্দিন। বক্তব্য দেন গ্রামীণফোন নরসিংদীর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক ও প্রথম আলোর কটিয়াদী প্রতিনিধি সিরাজুল সালেহীন।কটিয়াদী কলেজ, ডা. আবদুল মান্নান মহিলা কলেজ, গচিহাটা কলেজ, মুন্সী আ. হেকিম মহাবিদ্যালয়, চাতল বাগহাটা উচ্চবিদ্যালয় ও কলেজ, কটিয়াদী পাইলট মডেল উচ্চবিদ্যালয়, কটিয়াদী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, বেতাল বহুমুখী উচ্চবিদ্যালয়, জালালপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় এবং হাজেরা সুলতানা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উচ্চবিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ১২টি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুস্তাফিজুর রহমান। শপথবাক্য পাঠ করান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আবদুল মতিন হাওলাদার। বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, গ্রামীণফোণের আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফ কবীর, গতবারের আই-জিনিয়াস ইরফান ইন্তেখাব ও প্রথম আলোর কাপ্তাই প্রতিনিধি কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন কাপ্তাই বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো কাপ্তাই উচ্চবিদ্যালয়, চিৎমরম উচ্চবিদ্যালয়, ওয়াগ্গা উচ্চবিদ্যালয়, কেপিএম উচ্চবিদ্যালয়, কেআরসি উচ্চবিদ্যালয়, পাহাড়িকা উচ্চবিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়, বিউবো মাধ্যমিক বিদ্যালয়, শিশুনিকেতন স্কুল, শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়, নৌবাহিনী স্কুল ও নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় কাপ্তাই নৌবাহিনী স্কুলের নবম শ্রেণীর ছাত্র মো. আহসান আজিজ।এ বছর সারা দেশে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রামীণফোন ও প্রথম আলো ইন্টারনেট উৎসব করার সিদ্ধান্ত হয়েছে। গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই উৎসবে সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা মিনি, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। উৎসবের ব্যবস্থাপনায় সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড। প্রথম আলো বন্ধুসভার সার্বিক সহযোগিতায় এসব অনুষ্ঠান হচ্ছে। আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, কিশোরগঞ্জের এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জয়পুরহাটের কালাই মহিলা ডিগ্রি কলেজ এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল ডিগ্রি কলেজে ইন্টারনেট উৎসব হবে।