'সে যাত্রায় বেঁচে গেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শায়লা আক্তার
শায়লা আক্তার

স্কুলে পড়াতে চাই, ছোট বাচ্চাদের নতুন নতুন বিষয়ে জানাব।’—ঝলমলে আনন্দ নিয়ে বলে ওঠেন শায়লা।
কিন্তু তাঁর গায়ে লাল শাড়ি ও গয়নার ঠমক দেখে একটু চিন্তা হয়, ‘নতুন বিয়ে নাকি?’ প্রশ্ন করতেই সম্মতিসূচক মাথা দোলান শায়লা আক্তার।
সংসার সামলে স্কুলে পড়াবেন কীভাবে?—প্রশ্ন করতেই মলিন হয়ে যায় একটু আগের উজ্জ্বল চেহারা। পাশে বসা শায়লার প্রতিবেশী তাঁকে সাহস দিয়ে বলেন, ‘ছোটকালের বিয়ে থেইকা যখন বাঁচছস, এইটাও করতে পারবি। আল্লাহ তোরে সাহায্য করব।’
ছোটকালে বিয়ে? জানতে চাইলে শায়লা ধীরে ধীরে খুলে বলেন পাঁচ বছর আগের ঘটনার কথা।
‘আজও সেই সন্ধ্যার কথা ভাবলে ভয় লাগে। কাল আমার বিয়ে! কী হবে? অচেনা এক বাড়িতে গিয়ে কীভাবে থাকব? ওরা কেমন হবে? আলেয়া বুবুকে জামাই যেভাবে মারে, আমারেও যদি মারে। ওই বাড়ির লোকজন কি আমাকে স্কুলে যেতে দেবে?—এ রকম হাজারো ভাবনা আর ভয়। কিন্তু ওপরওয়ালার রহমতে সে যাত্রায় বেঁচে গেছি।’
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শায়লা আক্তার (২০)। জানা গেল, পাঁচ বছর আগে তাঁর বাল্যবিবাহ প্রায় হয়েই যাচ্ছিল। খালাতো ভাই মো. আজিমের হস্তক্ষেপে সে যাত্রায় বেঁচে যান শায়লা।
প্রতিবেদকের কাছে নিজের সেই ভয়ার্ত স্মৃতির কথা বলতে বলতে বারবার কেঁপে উঠছিলেন শায়লা। তিনি জানান, অষ্টম শ্রেণীতে উঠতেই বাবা-মা তাঁর বিয়ের ব্যবস্থা করেন। বর পাশের গ্রামের, পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। অবশ্য এ জন্য মা-বাবাকে দোষ দেন না শায়লা। পরিস্থিতির শিকার হয়ে শায়লার বাবা আবু তালেব ও মা সালেহা খাতুন এমন একটি সিদ্ধান্ত নেন।

সে সময়কার পরিস্থিতি বর্ণনা করে শায়লা জানান, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। পাড়ার ছেলেদের সঙ্গে যুক্ত ছিল অন্য এলাকার কয়েকজন বখাটে ছেলে। তাদের অত্যাচারে শায়লার ঘরের বাইরে যাওয়াই বন্ধ হয়ে গিয়েছিল, স্কুলে যাওয়া তো দূরের কথা। স্কুলের বান্ধবীরা বাসায় এলে শায়লা কান্নায় ভেঙে পড়তেন। ছেলেগুলো কেন তাঁর বই কেড়ে নেয়, কেন তাঁকে দেখে বাজে ইঙ্গিত করে, বাজে বাজে কথা বলে—সব যেন শায়লার অপরাধ। এই মানসিক অপরাধবোধ তাঁকে কুরে কুরে খায়।

এমন সময় পাশের গ্রামের এক পরিচিত খালা-খালু ওই বিয়ের সম্বন্ধ আনেন। বাবা-মা আগপাছ না ভেবেই শায়লাকে বিয়ে দিতে রাজি হয়ে যান।

শায়লা বলেন, ‘ভাগ্যিস, আজিম ভাই আসছিলেন। তিনি হঠাৎ করেই আমাদের বাসায় বেড়াতে আসেন। এদিকে আমাকে দেখে ছেলেপক্ষ পাকা কথা দিয়ে গেছে। কালকেই বিয়ে। আমি তো কাইন্দাই শেষ। আজিম ভাই সব শুনে ভীষণ রাগ করেন। বাবা-মাকে বোঝালেন। কিন্তু বাবা একদম খেপে গেলেন। আজিম ভাই তখন বাবাকে বললেন, “বাল্যবিবাহ আইনত অপরাধ। মেয়ের বাবা-মা, ছেলের বাবা-মা এবং ছেলে সবাইকে জেলে যেতে হবে আর সঙ্গে জরিমানাও গুনতে হবে।” বাবা তাতেও দমেন না। তিনি জেল খাটতেও রাজি। পরে মায়ের চাপাচাপিতে বাবা আজিম ভাইকে বখাটেদের অত্যাচারের কথা খুলে বলেন।

‘যত দূর মনে পড়ে, আজিম ভাই বাবাকে সঙ্গে নিয়ে ওই রাতেই গ্রামের চেয়ারম্যান ও শিক্ষকদের বাসায় গিয়েছিলেন। তাঁদের পুরো ঘটনাটি জানান। তাঁরাও বখাটে ছেলেদের অভিভাবকদের ডেকে কথা বলেন। এরপর বাবা বিয়ে ভেঙে দেন। আমিও বাঁচলাম।’

‘বখাটের অত্যাচার কি থেমেছিল?’—প্রশ্নের জবাবে শায়লা বলেন, না থামেনি। এ জন্যপ্রায় সময় মা বা অন্য কোনো আত্মীয়ের সঙ্গে শায়লা চলাফেরা করতেন।

এভাবে এসএসসি পাস করে কলেজে ভর্তি হন শায়লা। প্রথম বছর নির্বিঘ্নে গেল। কিন্তু আবার শায়লার ওপর বিয়ের খড়্গ। এবারের দোষ সে ‘আইবুড়ি’ হয়ে যাচ্ছে। পাড়া-প্রতিবেশীদের বিভিন্ন খোঁচা-মারা কথার অত্যাচারে ফের বিয়ের জন্য ব্যস্ত হয়ে ওঠেন শায়লার বাবা-মা। তিন মাস আগে শায়লার বিয়ে হয়। তাঁর স্বামী মো. রমিজ ব্যবসায়ী। কুষ্টিয়া শহরে দোকান রয়েছে তাঁর।

শায়লার শাশুড়ি এখনই নাতি-নাতনির মুখ দেখতে চান। কিন্তু শায়লার ইচ্ছা এইচএসসি শেষ করে ডিগ্রিতে ভর্তি হবেন। পড়াশোনা শেষ করে স্কুলশিক্ষক হবেন। কিন্তু সংসার সামলে স্বপ্নের কতটুকু পূরণ করতে পারবেন, সে প্রশ্ন নিজেকেই করেন শায়লা।