'সেই ঘটনার সমুচিত জবাব দিল ব্লু-বার্ড'
পরিচালনা কমিটির দুই সদস্যের অভিযোগ ছিল, শিক্ষকদের কারণে পড়াশোনার মান নেমে গেছে। এ জন্য পরিদর্শনের নামে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছিল৷ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্ল-বার্ড স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত এ ঘটনায় শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন।
গতকাল শনিবার এসএসসির ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয়ভিত্তিক ভালো ফলের শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ গতবারের তালিকার চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বোর্ডের মধ্যে সর্বাধিক সংখ্যক জিপিএ-৫ পেয়েছে এখান থেকে৷
গতকাল দুপুরে অধ্যক্ষ হোসনে আরা জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সেই ঘটনার কথা স্মরণ করে একজন শিক্ষক বলেন, ‘এবারের ফল শুধু ফল নয়, সেই ঘটনার সমুচিত জবাব দিল ব্লু-বার্ডের শিক্ষার্থীরা।’
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পরিচালনা কমিটির সদস্য এম এ মালেক ও সালেহ আহমদ গত ২ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে অধ্যক্ষসহ শিক্ষকদের লাঞ্ছিত করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, বিদ্যালয়ে পড়াশোনার মান শিক্ষকদের কারণে নেমে যাচ্ছে।
অন্যদিকে শিক্ষকদের অভিযোগ ছিল, অনৈতিক সুবিধা না পেয়ে তাঁরা এ কাণ্ড করেছেন। এ ঘটনার বিচারের দাবিতে প্রাক্তন শিক্ষার্থীরা ৪ এপ্রিল মানববন্ধন করে শিক্ষক লাঞ্ছনাকারী এম এ মালেক ও সালেহ আহমদকে পরিচালনা কমিটি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছিলেন। এ দাবিতে ৫ এপ্রিল শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। ওই ঘটনা ও প্রাক্তন শিক্ষার্থীদের দাবির বিষয়টি জেলা প্রশাসন গঠিত একটি কমিটির মাধ্যমে বর্তমানে তদন্তাধীন রয়েছে।
গত বছর এসএসসির ফলাফলে ওই তালিকার দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গিয়েছিল ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। ২৩৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছিল ২৩৭ জন। জিপিএ-৫ পেয়েছিল ১৫৪টি। এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। বোর্ডের মধ্যে সর্বাধিক সংখ্যক ১৯০টি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও ব্লু-বার্ডের। মোট পয়েন্ট ৮২ দশমিক ৭২।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, বিদ্যালয়ভিত্তিক ফলাফলে বোর্ড সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট ক্যাডেট কলেজ। সর্বোচ্চ ৯১ পয়েন্ট পাওয়া সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ।