‘স্টার্ট’ বাটনের বদলে উইন্ডোজে আসছে ‘হট কর্নার’
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে ‘স্টার্ট’ বাটনটি আর থাকছে না। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে স্টার্ট বাটনটির বদলে ‘হট কর্নার’ নামের একটি অপশন চালু করতে পারে মাইক্রোসফট। এ ছাড়া যোগ হতে পারে ‘চার্মস বার’ নামে নতুন একটি আইকন বার।মাইক্রোসফট অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ মেট্রো ইউজার ইন্টারফেস আনায় স্টার্ট বাটনটি বাদ পড়ছে বলেই প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ভার্জ এক খবরে জানিয়েছে। স্টার্ট বাটনটি বাদ পড়লেও এই বাটনের কাজগুলো করা যাবে হট কর্নার নামের একটি অপশন থেকে। টাচ বা স্পর্শ পদ্ধতি ও মাউসের সাহায্যে হট কর্নার অপশনটি চালু করা যাবে। উইন্ডোজের ইন্টারফেসের চার কোণের যেকোনো একটি কোণ থেকে হট কর্নার চালু হবে। হট কর্নার থেকেই চালু করা যাবে স্টার্ট আপ মেন্যু। অবশ্য স্টার্ট বাটন বাদ পড়লেও ‘লাইভ বার’ চালু থাকবে উইন্ডোজ ৮-এ। ডেস্কটপ মোড ও মেট্রো ইউজার ইন্টারফেস এ দুই মোডেই হট কর্নার চালু হবে।মাইক্রোসফটের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এর কনজিউমার প্রিভিউ থেকে ইউজার ইন্টারফেস বিষয়ক এ তথ্য দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। সাইটটিতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, চার্মস বার নামে নতুন একটি আইকন বার থাকতে পারে উইন্ডোজ ৮-এর ইন্টারফেসে। চার্মস বার স্বচ্ছ আইকন দেখাবে এবং এ আইকনগুলোর সাহায্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন চালু করা যাবে।উইন্ডোজ ৯৫ সংস্করণে প্রথমবারের মতো স্টার্ট বাটনটি জুড়ে দিয়েছিল মাইক্রোসফট। উইন্ডোজ চালানোর প্রাথমিক পদ্ধতিগুলোর একটি হচ্ছে স্টার্ট বাটনের সাহায্যে অ্যাপ্লিকেশন চালু করা। স্টার্ট বাটনটির সাহায্যে কম্পিউটার সেটিংস, অ্যাপ্লিকেশন, ফাইল সংরক্ষণসহ অনেক কাজ করা সম্ভব। উল্লেখ্য, ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার বিল্ড ডেভেলপার্স কনফারেন্সে উইন্ডোজ ৮ বাজারে আনার তথ্য দিয়েছিলেন মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি। উইন্ডোজ ৮-এর নতুন ফিচার বিষয়ে সিনোফস্কি বলেছিলেন, ‘উইন্ডোজ ৮-এ থাকবে দুটি ইন্টারফেস। একটি ডেস্কটপ আরেকটি মেট্রো ইন্টারফেস।’ মেট্রো ইন্টারফেস অনেকটাই উইন্ডোজ ৭-এ থাকা টাইলসভিত্তিক ইন্টারফেসের মতো। এ ইন্টারফেস ট্যাবলেটের জন্য মানানসই।