'স্টিভ জবস' তুমি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ জবস ব্র্যান্ড নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন ইতালির দুই উদ্যোক্তা। ছবি: এএফপি।
স্টিভ জবস ব্র্যান্ড নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন ইতালির দুই উদ্যোক্তা। ছবি: এএফপি।

স্টিভ জবস কে? প্রশ্নটির উত্তর নিশ্চয়ই আপনার অজানা নয়। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সহযোগী প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তাঁর হাত ধরেই এসেছিল আজকের আইফোনের মতো জনপ্রিয় স্মার্টফোন। কিন্তু স্টিভ জবস ব্র্যান্ডটি কার?

এ প্রশ্নের উত্তর হচ্ছে—ইতালির একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড স্টিভ জবস। প্রতিষ্ঠানটি পোশাক উৎপাদন করে। এর উদ্যোক্তা ভিনসেনজো ও গিয়াকোমো বারবাতো নামের দুই ভাই। তাঁরা স্টিভ জবস নামের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাদের প্রতিষ্ঠানের লোগো তৈরি করেছেন অ্যাপলের সঙ্গে মিল রেখে। কিন্তু অ্যাপল কর্তৃপক্ষ কি তা মেনে নেবে? মেনে নেয়নি। সেই ২০১২ সাল থেকে মামলা চলছে । অ্যাপল চাইছিল তাদের প্রতিষ্ঠাতার নাম কেউ যেন ব্যবহার করতে না পারে। অনেক দিন আইনি লড়াইয়ের পর আদালত ওই দুই ভাইয়ের পক্ষে রায় দিয়েছেন। তাঁদের কোম্পানির নাম স্টিভ জবস থাকছে।

ভিনসেনজো ও গিয়াকোমো বারবাতোকে বেশ বুদ্ধিমান বলতেই হচ্ছে। ২০১২ সালে তাঁরা পোশাক ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবসা শুরু করার কথা ভাবছিল। তারা দেখল, অ্যাপল তাদের প্রতিষ্ঠাতার নাম ট্রেডমার্ক করে রাখেনি। এ মোক্ষম সুযোগ তারা কি আর হাতছাড়া করে। অন্য ব্র্যান্ডের জন্য পোশাক তৈরির পাশাপাশি তারা স্টিভ জবস নামেই জিনসসহ বিভিন্ন পোশাক তৈরি শুরু করে।
উল্লেখ্য, স্টিভ জবসের ট্রেডমার্ক পোশাক ছিল কালো শার্ট ও নীল জিনসের প্যান্ট।

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস।
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস।

লা রিপাবলিকা নাপোলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেডমার্ক ভঙ্গের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল।
কিন্তু অ্যাপল সম্ভবত স্টিভ জবসের লোগো নিয়ে ওই মামলায় হারতে যাচ্ছে। ওই লোগোতে বিশেষভাবে আঁকা জে অক্ষরটিকে অ্যাপলের লোগোর মতো এক পাশে কামড় বসানো। আদালত রুলে বলেছেন, জে অক্ষরটি খাবার যোগ্য নয় এবং এতে কামড়ের দাগ অ্যাপলের আইকনিক লোগোর সঙ্গে মেলেনা তাই তাদের ট্রেডমার্ক রাখা হবে।

মামলায় রায় পক্ষে আসায় ওই দুই ভাই বিজনেস ইনসাইডারেক এক সাক্ষাতকারে বলেছেন, তারা ইলেকট্রিনকস ব্যবসা শুরু করবেন। তবে এখনো পরিকল্পনা নির্দিষ্ট করেননি।
ভাবুন তো, বাজারে একদিন স্টিভ জবস ব্র্যান্ডের ফোন অ্যাপলের সহযোগী প্রতিষ্ঠাতা স্টিভ জবসের আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করছে-বিষয়টি কেমন হবে!