‘স্প্যাম সম্রাট’খ্যাত ওয়ালেসকে আদালতে অভিযুক্ত
ফেসবুকের সার্ভারের মাধ্যমে দুই কোটি ৭০ লাখের বেশি গ্রাহকের কাছে স্প্যাম মেসেজ (অনাকাঙ্ক্ষিত বার্তা) প্রেরণের দায়ে ‘স্প্যাম সম্রাট’খ্যাত সানফোর্ড ওয়ালেসকে (Sanford Wallace) অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।ক্যালিফোর্নিয়া সান হোসে শহরের সরকারি কৌঁসুলিরা গত বৃহস্পতিবার জানান, লাস ভেগাসের বাসিন্দা ওয়ালেস (৪৩) অভিযুক্ত হওয়ার পর এফবিআই এজেন্টের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর বিরুদ্ধে জালিয়াতি, ইচ্ছাকৃতভাবে কম্পিউটারের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করা, সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও মাইস্প্যাস প্রবেশে নিষেধাজ্ঞা আদেশ লঙ্ঘনসহ ১১টি অভিযোগ আনা হয়েছে। অবশ্য ওয়ালেস তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।কৌঁসুলিরা জানান, আত্মসমর্পণের পর বৃহস্পতিবার ওয়ালেসকে প্রথমে ফেডারেল কোর্টে হাজির করা হলে বিচারক তাঁকে এক লাখ ডলার মুচলেকার জামিন দেন।অভিযোগে বলা হয়েছে, ওয়ালেস এমন একটি প্রোগ্রাম তৈরি করেছেন, যা ফেসবুকের স্প্যাম ফিল্টারকে ফাঁকি দিতে সক্ষম। এ প্রোগ্রামের মাধ্যমে তিনি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে মেসেজ পোস্ট করতে পারতেন। এর মাধ্যমে তিনি ব্যবহারকারীদের একটি ওয়েবসাইটে প্রবেশে উত্সাহিত করতেন।কৌঁসুলিরা জানান, ২০০৮ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের মার্চ মাস পর্যন্ত ফেসবুকের প্রায় পাঁচ লাখ অ্যাকাউন্টধারীর কাছে দুই কোটি ৭০ লাখ স্প্যাম পাঠিয়েছেন ওয়ালেস।কৌঁসুলিরা আরও জানান, ফেসবুক কর্তৃপক্ষ ২০০৯ সালে ওয়ালেসের বিরুদ্ধে মামলা করেছিল। বিচারক তখন তাঁর ওপর ফেসবুকের কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে তিনি এ বছর ওই নিষেধাজ্ঞা কয়েকবার ভঙ্গ করেছেন। এ ছাড়া আদালত তখন ফেসবুক কর্তৃপক্ষকে ৭১ কোটি ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।নতুন অভিযোগে বিচারক ওয়ালেসকে আবারও ফেসবুক ও মাইস্প্যাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওয়ালেসের নতুন করে অভিযুক্ত করার ব্যাপারটি ফেসবুক কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছে।ওয়ালেসের আইনজীবী কে সি ম্যাক্সওয়েল জানান, তাঁর মক্কেল এখন আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নিচ্ছেন।কৌঁসুলিরা জানান, ওয়ালেসের বিরুদ্ধে ছয় ধরনের জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে। কম্পিউটারের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার তিনটি অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের সাজা হতে পারে। আর বাকি দুটি ফৌজদারি অভিযোগ প্রমাণিত হলে আদালত তাঁকে আর্থিক জরিমানা করতে পারবেন।