‘স্বাস্থ্য পরীক্ষক’ টয়লেট!
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নকশাবিদেরা জিপি বা ‘জেনারেল প্র্যাকটিশনার টয়লেট’ নামে বিশেষ এক ধরনের টয়লেটের নকশা করেছেন, যা স্বয়ংক্রিয়ভাবে প্রস্রাব বা মূত্রের নমুনা থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে সক্ষম। টয়লেটের সামনে মনিটর থেকে পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হলে মূত্রের নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করে প্যাথোলজি প্রতিবেদন দিতে সক্ষম।এ প্রসঙ্গে নকশাবিদ লুসি জাং জানিয়েছেন, বেসিন থেকে মূত্রের নমুনা বিশ্লেষণ করে স্বাস্থ্য প্রতিবেদন দিতে পারে এই টয়লেট। ইয়াংকওডিজাইন নামের একটি ওয়েবসাইটের বরাতে হাফিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। জিপি টয়লেটে ব্যবহূত হয়েছে প্যাথোলজি পরীক্ষার ব্যবহূত উন্নত প্রযুক্তি যা মূত্র পরীক্ষা করতে পারে। এ ক্ষেত্রে ছোট আকারের একটি নজেলের সাহায্যে নমুনা সংগ্রহ করে এবং টয়লেটের মধ্যে বসানো যন্ত্রপাতি সেই নমুনা বিশ্লেষণ করে। এ টয়লেট প্যাথোলজি পরীক্ষার জন্য বারবার চিকিত্সকের কাছে যাওয়ার সমস্যা দূর করবে।