‘স্মার্ট হাতঘড়ি’ আনছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই স্যামসাংয়ের হাতঘড়ি বাজারে আনার বিষয়টি প্রযুক্তি-বিষয়ক ব্লগ আর খবরেই সীমাবদ্ধ ছিল। এবার স্মার্ট হাতঘড়ি তৈরির বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।স্যামসাং মোবাইল বিভাগের ভাইস প্রেসিডেন্টের বরাতে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এ তথ্য জানিয়েছে।স্যামসাংয়ের মোবাইলের ভাইস প্রেসিডেন্ট লি ইয়াং হি ব্লুমবার্গকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে জানিয়েছেন, হাতঘড়ি সদৃশ কম্পিউটার তৈরিতে কাজ করছে স্যামসাং। দীর্ঘদিন ধরেই এ পণ্যটি নিয়ে কাজ চলছে। পণ্যটি শিগগিরই বাজারে আনতে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে স্যামসাং যে পণ্যগুলো আনবে, স্মার্ট হাতঘড়ি সেগুলোর মধ্যে একটি।এদিকে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটে সিনেটের এক খবরে বলা হয়েছে, স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে এ স্মার্টওয়াচ যুক্ত হতে পারে। স্মার্টওয়াচের নাম ‘গ্যালাক্সি আলটিয়াস’ রাখতে পারে স্যামসাং কর্তৃপক্ষ। প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, সম্প্রতি অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে প্রযুক্তি-বাজারে বিভিন্ন পণ্য নিয়ে প্রতিযোগিতা বেড়ে গেছে। ‘আইওয়াচ’ নামে স্মার্টওয়াচ বা হাতঘড়ি তৈরি করতে পারে অ্যাপল। আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর এ স্মার্টওয়াচের সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতেই স্যামসাংও গ্যালাক্সি সিরিজের স্মার্টওয়াচ বাজারে আনতে পারে। এর আগে গ্যালাক্সি সিরিজে স্মার্টফোন ছাড়াও স্মার্টক্যামেরা বাজারে এনেছে স্যামসাং। প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বাজারে ইতিমধ্যেই স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে নতুন প্রযুক্তির নিজস্ব ব্র্যান্ডের হাতঘড়ি বাজারে আনতে জি-শক, পেবল, অ্যাপল, সনি, নাইকির মতো এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান কাজ করছে।