'স্মার্ট' অণুজীবে রোগ নিরাময়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীরে বসবাসকারী ব্যাকটেরিয়াগুলোকে চিকিৎসাকাজে লাগানোর সুযোগ রয়েছে l ছবি: জিনোমনিউজ
শরীরে বসবাসকারী ব্যাকটেরিয়াগুলোকে চিকিৎসাকাজে লাগানোর সুযোগ রয়েছে l ছবি: জিনোমনিউজ

ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো জিনপ্রকৌশলের মাধ্যমে রূপান্তর করা যায়। বিজ্ঞানীরা এমন অণুজীবকে বলছেন, ‘স্মার্ট’ অণুজীব। তাঁদের দাবি, ‘এমন দিন খুব বেশি দূরে নয়, যখন আমরা নিজেদের শরীরে এ রকম ‘স্মার্ট’ অণুজীব লালন করব। আর সেগুলো আমাদের শরীরের অসুখ-বিসুখ তুলনামূলক কম সময়ে শনাক্ত করবে এবং সারিয়ে তুলবে।’
ব্যাপারটা বিজ্ঞান কল্পকাহিনির মতো শোনালেও সংশ্লিষ্ট জীববিজ্ঞানীরা বলছেন, এ ধরনের সম্ভাবনা খুবই বাস্তবসম্মত। সেই সম্ভাবনার কথা শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড স্কুল অব মেডিসিনের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের শিক্ষক জাস্টিন এল সনেনবার্গ। তিনি বলছেন, অণুজীবগুলোকে জিনপ্রকৌশলের মাধ্যমে রূপান্তরিত করে তাঁরা বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নের পথে বহুদূর এগিয়ে যেতে সমর্থ হয়েছেন। এ প্রক্রিয়ায় কৃত্রিম উপায়ে বিভিন্ন জীবসত্তা সৃষ্টি এবং পুনর্গঠনের মাধ্যমে কাঙ্ক্ষিত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন ব্যাকটেরিয়া কোষগুলোকে অর্ধপরিবাহী সিলিকন পাতের সমতুল্য জৈব উপাদানে রূপ দেওয়ার। জৈব জ্বালানি উৎপাদন প্রক্রিয়ায় ইতিমধ্যে এ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। আর আমাদের শরীরে বসবাসকারী অণুজীবগুলোর ওপর একই প্রক্রিয়া প্রয়োগ করে স্বাস্থ্য বা চিকিৎসাক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ রয়েছে বলে তাঁরা মনে করছেন।
জাস্টিন এল সনেনবার্গ বলেন, শরীরের অভ্যন্তরীণ অণুজীবগুলো আমাদের রোগ প্রতিরোধব্যবস্থা ও বিপাক প্রক্রিয়ার ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। এমনকি আমাদের মেজাজ ও আচরণও কখনো কখনো বদলে দেয়। যদি আমরা এসব অণুজীবের সঙ্গে আমাদের শরীর-মনের সম্পর্ক সুনির্দিষ্টভাবে জানতে পারি, তাহলেই সেগুলোকে জিনগত প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ এবং ইতিবাচক উপায়ে কাজে লাগানো সম্ভব হবে। এতে মানবস্বাস্থ্যের সুরক্ষাও নিশ্চিত হবে।
কী কী খাদ্য উপাদান আছে, কোন কোন রোগ ঘাপটি মেরে আছে, কেমন প্রদাহ হতে পারে—ইত্যাদি ব্যাপার মানবদেহে অবস্থানকারী অণুজীবগুলো খুব ভালো টের পায়। কারণ এসবের ওপরই নির্ভর করে তাদের টিকে থাকা। এ রকম ব্যাকটেরিয়ার জীবনচক্র নিয়ে গবেষণাগারে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা যায়, এদের মধ্যে শতাধিক জিনগত পরিক্রমা রয়েছে এবং সেগুলো শরীরের বিভিন্ন লক্ষণ বা উপসর্গে ভিন্ন ভিন্ন সাড়া দিতে পারে। যেমন কোনো খাবারে ক্ষতিকর উপাদান থাকলে সেটি খাওয়ার পর নির্দিষ্ট অণুজীবটি সঙ্গে সঙ্গে টের পায় এবং সাড়া দেয়। বিজ্ঞানীরা এ রকম প্রতিটি পরিক্রমা নতুন করে এমনভাবে সাজাতে চান যেন পরিবেশগত সূত্র অনুযায়ী কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পাওয়া যায়। তাঁদের প্রাথমিক পরীক্ষাগুলোয় একটি ডিএনএ স্মৃতি নির্ণায়ক যন্ত্র তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়, যার মাধ্যমে মানবদেহের ভেতরে ব্যাকটেরিয়ার বিভিন্ন অভিজ্ঞতা ধারণ করা যায়। ব্যাকটেরিয়া যা যা শনাক্ত করতে পারে, সেগুলোর সঙ্গে মিল রেখে ওই ডিএনএ স্মৃতি নির্ণায়ক যন্ত্রটির কাঠামো তৈরি করা হয়। এ ক্ষেত্রে দ্বিমিক (বাইনারি) কম্পিউটার বিটের মাধ্যমে তথ্য ধারণের প্রক্রিয়া অনুসরণ করা হয়।
শরীরে প্রদাহ নিবারণকারী কিছু অণু থাকে এবং সেগুলো ব্যাকটেরিয়াই লুকিয়ে রাখে। গবেষকেরা সেগুলোর নকশা তৈরির লক্ষ্যে কাজ করছেন, যাতে করে ব্যথা নিরাময়ের জন্য অন্ত্রের ভেতরে প্রয়োগ করা কোনো ওষুধের কার্যকারিতা ওই ব্যথা সেরে যাওয়ার পরপরই বন্ধ করে দেওয়া যায়। এভাবে এসব স্মার্ট ব্যাকটেরিয়া মানবদেহে আক্রমণকারী রোগজীবাণু প্রতিরোধে সহায়ক হতে পারে। এমনকি একই উপায়ে ক্যানসারের মতো রোগ শুরুতেই শনাক্ত করে সারিয়ে তোলার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দূর করা যাবে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো রোগ এবং হয়তো ঠিক করে নেওয়া যাবে মানুষের মেজাজ বা আচরণগত সমস্যাগুলোও। তবে অণুজীবগুলোকে কাজে লাগিয়ে মানবদেহের সুরক্ষা নিশ্চিত করতে হলে সেগুলোর ওপর নিয়ন্ত্রণও ঠিকমতো রাখতে হবে। নইলে হিতে বিপরীতও হতে পারে।
সূত্র: সায়েন্টিফিক আমেরিকান।