‘হাইব্রিড’ স্মার্টফোন আনছে নকিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া খুব শিগগিরই ট্যাবলেট কম্পিউটার বাজারে আনবে। ট্যাবলেটের পাশাপাশি ট্যাবলেট ও কম্পিউটার মিশ্রণে ‘হাইব্রিড’ স্মার্টফোনও তৈরি করবে ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটি। নকিয়া চেয়ারম্যান জরমা ওলিলা ৩ মে বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন। এক খবরে রয়টার্স জানিয়েছে, জরমা নকিয়া ডিভাইস তৈরির বিষয়টি নিশ্চিত করলেও কবে নাগাদ তা বাজারে আসবে সে বিষয়ক কোনো তথ্য প্রকাশ করেননি।উল্লেখ্য, চলতি বছরেই জরমা নকিয়ার চেয়ারম্যান পদটি ছেড়ে দিতে পারেন। তিনি ২৭ বছর ফিনল্যান্ডের বিখ্যাত এই মোবাইল পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে জরমা বলেছেন, নতুন ফোন উদ্ভাবনের ক্ষেত্রে নকিয়া খুব ধীরগতির পরিচয় দিয়েছে। তবে নতুন পণ্যগুলো বাজারে এলে নকিয়া আবারও ঘুরে দাঁড়াবে বলেই আশা করছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের প্রথম তিন মাসের স্মার্টফোন বিক্রির হিসেবে নকিয়া স্যামসাংয়ের তুলনায় পিছিয়ে পড়েছে। ১৪ বছরের মধ্যে এবারই প্রথম মোবাইল ফোন বাজারের শীর্ষত্ব খুইয়েছে প্রতিষ্ঠানটি। জরমা বলেছেন, নকিয়া সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ট্যাবলেটকে। ট্যাবলেট ছাড়াও বিভিন্ন হাইব্রিড স্মার্টফোন তৈরি করবে নকিয়া।এর আগে মার্চ মাসে টেলিগ্রাফ এক খবরে জানিয়েছিল, চলতি বছরেই ১০ ইঞ্চি মাপের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম-চালিত ট্যাবলেট তৈরি করবে নকিয়া।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে আসা অ্যাপলের সাম্প্রতিক পণ্য ‘নিউ আইপ্যাড’কে টেক্কা দিতে উদগ্রীব নির্মাতা প্রতিষ্ঠানগুলো। মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার চুক্তিতে নতুন উইন্ডোজ প্ল্যাটফর্মের ব্যবহার এ সুযোগ করে দিয়েছে। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস এক খবরে জানিয়েছে, এর আগে নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ উইন্ডোজনির্ভর ট্যাবলেট নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন। এই ট্যাবলেট তৈরিতে তাইওয়ান-ভিত্তিক প্রতিষ্ঠান কমপাল ইলেকট্রনিকসকে বেছে নিয়েছে নকিয়া। প্রাথমিকভাবে নকিয়ার জন্য ২ লাখ ইউনিট ট্যাবলেট তৈরি করে দেবে কমপাল। প্রসঙ্গত, নকিয়ার পাশাপাশি ডেলও উইন্ডোজ ৮ প্ল্যাটফর্মের পণ্য তৈরিতে যাচ্ছে। সম্প্রতি ডেলও ইনটেলের প্রসেসর ও উইন্ডোজ নির্ভর ট্যাবলেট তৈরির ঘোষণা দিয়েছে।