'হারানো গ্ল্যামার ফিরে পেয়ে আমি এখন হাওয়ায় ভাসছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রস‍+আলো: এবার তো জিপিএ-৫-এর সংখ্যা কম। আপনার অনুভূতি কী?
জিপিএ-৫: অনুভূতি ‘গোল্ডেন ফাইভ’ পাওয়ার মতো! আমার হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য এ মুহূর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা অনুভব করছি।
র.আ.: আপনার বয়স তো খুব বেশি নয়, এর মধ্যেই অনেক অভিজ্ঞতা...
জিপিএ-৫: হ্যাঁ, খুব বেশি দিন হয়নি আমার জন্মের। একবিংশ শতকের শুরুতেই প্রাগৈতিহাসিক আমলের ডিভিশন সিস্টেমকে হটিয়ে দিয়ে আমার উত্থান। জন্মের পরপরই আমার সে কি কদর! যে শিক্ষার্থী একবার আমাকে পেত তার জীবন ধন্য তো হতোই, ক্ষেত্রবিশেষে তার পরিবারও ধন্য হয়ে যেত।
র.আ.: আপনি তখন দেশের টপ ওয়ান্টেড বিষয় ছিলেন...
জিপিএ-৫: একদম ঠিক! সবাই আমাকে পেতে চাইলেও খুব অল্প কয়েকজন পেত। আমিও একটু ভাবসাব নিয়ে চলতাম। কিন্তু কপালে বেশি দিন সুখ সহ্য হলো না!

র.আ.: গল্পে হঠাৎ ছন্দপতন হওয়ার মতো ব্যাপার...

জিপিএ-৫: হ্যাঁ, গোল্ডেন এ-প্লাস নামে ব্ল্যাক মার্কেটে নতুন একটা জিনিস চালু হলো। বোর্ড কখনো গোল্ডেন এ-প্লাস নামে কিছু বাজারে ছাড়েনি, কিন্তু সুবিধাবাদী মানুষজন নিজেদের সুবিধার জন্য এই জিনিসের প্রচার চালাল!

র.আ.: স্কুল-কলেজ-কোচিংয়ের বিজ্ঞাপনে, বিলবোর্ডেও তো লেখা হতে লাগল—নিশ্চিত গোল্ডেন এ-প্লাস!

জিপিএ-৫: সেটাই বলছিলাম। অনেক প্রাইভেট টিউটর বাড়ি বাড়ি গিয়ে গোল্ডেন এ-প্লাসের নিশ্চয়তা দিয়ে বেড়াতে লাগল! অথচ দেখুন, একসময় ওরাই বাড়ি বাড়ি গিয়ে জিপিএ ফাইভের নিশ্চয়তা দিয়ে টিউশনি ম্যানেজ করত! সব নিমকহারাম! গোল্ডেন এ-প্লাস পেয়ে আমাকে একদম ভুলে গিয়েছে। আগের বাংলা ছবির নায়ক দু-তিনটা ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে বেকার ঘুরত। আর এখনকার সিনেমার নায়কেরা দু-তিনটা জিপিএ ফাইভ ঘাড়ে করে বেকার।

র.আ.: কদিন আগেও তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর জিপিএ ফাইভ পেয়েছে শুনলে কেউ খুশি হতো না!

জিপিএ-৫: আমি তো নিজের কানেই শুনেছি, মুখ বাঁকিয়ে জিজ্ঞেস করত, ‘গোল্ডেন না নরমাল?’ ভাব দেখে মনে হতো জিপিএ ফাইভ গাছে ধরে! এই গত বছরের কথাই ধরুন না, প্রশ্ন ফাঁসের রমরমা সুযোগ কাজে লাগিয়ে দেশে জিপিএ ফাইভের সংখ্যা এতটাই বেড়ে গেল যে আমি নিতান্তই ছেলের হাতের মোয়া হয়ে গেলাম!

র.আ.: আপনার গ্ল্যামার নিয়েই তো টানাটানি পড়ে গিয়েছিল মনে হয়! কেমন লাগত সে সময়?

জিপিএ-৫: নিজের গ্ল্যামার কমে গেলে কার না খারাপ লাগে, বলুন? আমারও খারাপ লাগত। তাই হারানো গ্ল্যামার ফিরে পেয়ে আমি এখন হাওয়ায় ভাসছি।

র.আ.: পরীক্ষার ফল ও পরবর্তী ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে আর কিছু বলার আছে আপনার?

জিপিএ-৫: বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, রেজাল্টের পর অনেক মিষ্টি ব্যবসায়ীর ব্যবসায় লস হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, তাদের ক্ষতিপূরণ দেওয়া যায় কি না ভেবে দেখবেন।

র.আ.: আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য ধন্যবাদ।

জিপিএ-৫: আপনাদেরও ধন্যবাদ। সব শেষে কিশোর বন্ধুদের বলতে চাই—আমাকে পাওয়ার আশা না করে, বিদ্যাকে পাওয়ার আশা করো। (আচ্ছা, এই বিদ্যার কথা যে বললাম, তরুণসমাজ আবার বিদ্যা সিনহা মিমের কথা ধরে নেবে না তো?)

র.আ.: (আরে না, আজকালকার ছেলেপুলেরা এতটা বোকা না!)