‘হুডি পরা জাকারবার্গের ছেলেমানুষি’! (ভিডিও)
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্পর্কে সবার ধারণা, তিনি নাকি কখনো স্যুট-টাই পরেন না! সম্প্রতি তাঁর ট্রেড মার্ক পোশাক হুডি পরা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জাকারবার্গ। প্রযুক্তি বিশ্লেষকেরা সম্প্রতি তাঁর পোশাকের জন্য ‘অপরিপক্ব’ বা ‘ছেলেমানুষি’ আচরণ বলেই উল্লেখ করেছেন। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল প্যাচার আইপিও ছাড়ার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হুডি পরে হাজির হওয়ায় জাকারবার্গকে ‘অপরিপক্ব’ বলে মন্তব্য করেছেন।সম্প্রতি জাকারবার্গ ফেসবুকের আইপিও ছাড়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর ট্রেডমার্ক পোশাক ‘হুডিযুক্ত ধূসর টি শার্ট-জিনস-স্নিকার’ পরে হাজির হয়েছিলেন এবং এ পোশাকেই সংবাদমাধ্যমের সামনে আসেন। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে জাকারবার্গের পোশাক নির্বাচন নিয়ে প্রযুক্তি বিশ্বে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচক প্যাচার জানিয়েছেন, কাউকে তেমন পাত্তা দিচ্ছেন না; জাকারবার্গের পোশাক-পরিচ্ছদে এমন ভাবই ফুটে ওঠে।উল্লেখ্য, টাই-স্যুট পরার বিষয়টিকে জাকারবার্গ একরকম চ্যালেঞ্জই মনে করেন। এর আগে তিনি বার-দুয়েক কোট-টাই পরেছিলেন। প্রথমবার ছিল হোয়াইট হাউসে বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের সময় এবং দ্বিতীয়বার ফ্রান্সের সদ্য সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে সাক্ষাতের সময়। এর আগে, তিনি সবচেয়ে বাজে স্টাইলের পোশাক পরেন বলেও আখ্যা পেয়েছিলেন। জাকারবার্গের স্যুট-টাই পরা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর সঙ্গে সাক্ষাতের সময় কৌতুক করে মন্তব্য করেছিলেন, ‘আমিই সে ব্যক্তি যে মার্ক-কে জ্যাকেট এবং টাই পরে থাকতে দেখতে পেয়েছি।’পোশাক নিয়ে সমালোচনা করলেও মাইকেল প্যাচার জাকারবার্গের প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।