কী আছে গুগলের বাসে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের ইন্টারনেট শেখাতে যাত্রা শুরু করেছে গুগল বাস
শিক্ষার্থীদের ইন্টারনেট শেখাতে যাত্রা শুরু করেছে গুগল বাস

বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে গুগল চালু করল ‘গুগল বাস বাংলাদেশ প্রকল্প।’ গুগল কর্তৃপক্ষ একে বলছে শিক্ষামূলক উদ্যোগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পাঁচ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেটের ব্যবহার শেখানোর লক্ষ্যে গুগল প্রকল্পটি হাতে নিয়েছে।

গুগল বাসটি এক বছর ধরে বাংলাদেশের ৩৫টি স্থানে ৫০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেটবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে। ইন্টারনেট ব্যবহারের দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা যাতে নিজ নিজ প্রচেষ্টায় ব্যবসায় ও কোনো প্রকল্প তৈরি ও পরিচালনার কলাকৌশল জানতে পারেন সে লক্ষ্যে কাজ করে যাবে গুগল।
রাজধানী ঢাকার পাশাপাশি শিগগিরই গুগল বাস চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল—এই ছয়টি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাবে।
গুগল বাসটিতে রয়েছে ইন্টারনেট সংযোগসংবলিত মনিটর বা পর্দা ও সাউন্ড সিস্টেম। এই মনিটর বা পর্দা ও সাউন্ড সিস্টেমে অডিও-ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের কলাকৌশল ও উপযোগিতা শেখাতে গুগল বাসের কর্মশালায় একজন প্রশিক্ষক থাকবেন। সেই সঙ্গে তাঁদের গুগলের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেবেন তিনি। গুগলের এসব পণ্য-সেবার মধ্যে রয়েছে—গুগল সার্চ, ক্রোম, ডক্স, ম্যাপস, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদি। এ ছাড়া শিক্ষার্থীরা যা শিখেছেন তা নিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইস বা মোবাইল ফোনে প্র্যাকটিস বা চর্চা করার সুযোগ পাবেন।
গুগলের কর্মকর্তারা জানিয়েছেন, গুগল বাসের মাধ্যমে ইন্টারনেটবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের গুগলের বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের কলাকৌশল জানাবে গুগল।
গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমার্জিং মার্কেটসের কান্ট্রি ম্যানেজার জেমস ম্যাকক্লুর জানিয়েছেন, ‘বাংলাদেশ তরুণেরাই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারেন। আমরা মনে করি, উপযুক্ত প্রশিক্ষণ পেলে তাঁরাই ইন্টারনেট কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন।’