আত্মহত্যার ভিডিও নোট!
স্ত্রীকে পরপুরুষের সঙ্গে মেলামেশা বন্ধ করতে বলার পরও শোনেননি। তাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন স্বামী। তার আগে ৪৪ মিনিটের একটি ভিডিওচিত্র ধারণ করেন তিনি। স্ত্রীকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে তিনি ওই ভিডিও দেখারও অনুরোধ করেন। তারপর গলায় ফাঁস দেন তিনি।
জয়েশ রাউত নামের ওই ব্যক্তি মৃত্যুর জন্য স্ত্রী ত্রুপ্তি (২৩) ও তাঁর প্রেমিক রাজেশ ভার্মাকে (৩৮) দায়ী করেন। পুলিশ ২৩ নভেম্বর ত্রুপ্তি ও রাজেশকে গ্রেপ্তার করে। এ নিয়ে দুই মাসের মধ্যে মুম্বাইয়ে দ্বিতীয়বার এ ধরনের আত্মহত্যার ঘটনা ঘটল।
মুম্বাই পুলিশ জানায়, জয়েশ নয় বছর ধরে প্রেম করার পর গত ফেব্রুয়ারিতে ত্রুপ্তিকে বিয়ে করেন। তবে দ্রুতই দাম্পত্য কলহ শুরু হয়। গত মার্চে ত্রুপ্তি স্বীকার করেন, রাজেশের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে।
জয়েশের পরিবার জানায়, মাস চারেক আগে ত্রুপ্তি তাঁর ছেলেকে ছেড়ে রাজেশের সঙ্গে বসবাস শুরু করেন। ১৬ নভেম্বর ত্রুপ্তি এসে জয়েশকে জানান, তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। ১৮ নভেম্বর রাজেশ ত্রুপ্তিকে নিতে এলে জয়েশের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। ওই দিনই সন্ধ্যায় তিনি ত্রুপ্তিকে খুদে বার্তা পাঠিয়ে আত্মহত্যার ভিডিওচিত্র দেখে নিতে বলেন। এরপর মুঠোফোনের ক্যামেরা চালু করে টেবিলের ওপর রেখে গলায় ফাঁস দেন।
জয়েশের ভাই হেমন্ত বলেন, ‘ত্রুপ্তি আমাকে পৌনে আটটার দিকে ফোন করে ঘটনাটি জানান। এরপর আমি ও মা জয়েশের কক্ষে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পাই।’
গত ৮ অক্টোবর মুম্বাইয়ে সুনীল উগদে নামের আরেক ব্যক্তি আত্মহত্যার আগে মুঠোফোনে ভিডি ধারণ করেন। টাইমস অব ইন্ডিয়া।