
ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত বধূ প্রিন্সেস ডায়ানার জীবনকাহিনি নিয়ে নির্মিত ‘ডায়ানা’ ছবিতে ‘ডাহা মিথ্যাচার’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর সাবেক প্রেমিক হাসনাত খান। আজ সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
পাকিস্তানি হূদরোগ বিশেষজ্ঞ হাসনাতের সঙ্গে ডায়ানার প্রেমকাহিনিকে উপজীব্য করে এ চলচ্চিত্রের কাহিনি এগিয়েছে। বড় বাজেটের এই চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাবে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাওমি ওয়াটস।
প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ১৬ বছর ধরে কোনো কথা বলেন না হাসনাত খান। এবার আর তিনি মুখে কুলুপ এঁটে রাখতে পারলেন না। এক সাক্ষাত্কারে তিনি দাবি করেন, এই কাহিনি সর্ব্বৈ মিথ্যা। তিনি এ ছবি কখনো দেখবেন না।
চলচ্চিত্রটির প্রযোজক মৌখিক সম্মতি নেওয়ার যে দাবি জানিয়েছেন, তাও নাকচ করেছেন হাসনাত। ‘ডেইলি মেইল’-এ দেওয়া সাক্ষাত্কারে তিনি দাবি করেন, ‘আমি কখনো কোনো অনুমতি দিইনি।’
যুক্তরাজ্যের বিশিষ্ট নাগরিক জেমিমা খানের ভাষ্য, হাসনাতের সঙ্গে গভীর প্রেমে মজেছিলেন ডায়ানা। তাঁকে বিয়ে করার কথা ভেবেছিলেন। বিয়ের সম্ভাবনার বিষয়টি আলোচনা করতে ডায়ানা গোপনে পাকিস্তানে হাসনাতের পরিবারের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন বলেও জেমিমা দাবি করেন।
হাসনাত বিয়ে করতে আগ্রহী না বুঝে খেপে যান ডায়ানা। হাসনাতকে দেখাতেই তিনি দোদি আল ফায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা ও তাঁর বন্ধু দোদি আল ফায়েদ নিহত হন।