আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ফের চাঙা করবে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে লজ্জাজনক পরাজয়ের দুই দশক পর আবার সেখানে ঢুকতে চাইছে রাশিয়া। তবে এবার লক্ষ্যভিন্ন। আফগান সরকারের সঙ্গে বাণিজ্য চুক্তি ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া।রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষত সোভিয়েত আমলে চালু বিভিন্ন প্রকল্প পুনরুজ্জীবিত করতে আফগানিস্তানকে সহযোগিতা করতে আগ্রহী তাঁর দেশ। আফগানিস্তান, পাকিস্তান ও তাজিকিস্তানের প্রেসিডেন্টকে নিয়ে সম্মেলনের সময় গত বুধবার তিনি এ কথা জানান। গত বছরও একই ধরনের চতুর্পক্ষীয় একটি সম্মেলনের আয়োজন করেছিল রাশিয়া।আফগানিস্তানে নীতিনির্ধারণে ভূমিকার পাশাপাশি অবকাঠামোগত খাতে সহযোগিতার লক্ষ্যে ইতিমধ্যে বেশ অগ্রসরও হয়েছে রাশিয়া। পানিবিদ্যুৎ কেন্দ্র, সেতু, নলকূপ এবং সেচ প্রকল্পসহ সোভিয়েত আমলের প্রায় ১৪০টি স্থাপনা নতুন করে চালু করার জন্য প্রায় এক বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে।রাশিয়ার আরেকটি লক্ষ্য মধ্য এশিয়ায় ইসলামি জঙ্গিবাদের দমন। কেননা এর ফলে রাশিয়ার, বিশেষ করে তাদের ককেসাস অঞ্চলের নিরাপত্তা হুমকিতে আছে। একই সঙ্গে আফগানিস্তানের খনিজ সম্পদ এবং জ্বালানিশিল্পের সম্ভাবনাময় সুযোগও রাশিয়া গ্রহণ করতে চাইছে।রাশিয়া আবার আফগানিস্তানে ফিরে আসার পেছনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সমর্থন আছে। ওবামা প্রশাসন তাদের আফগান যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে। এরই অংশ হিসেবে আফগানিস্তানকে স্থিতিশীল করতে রাশিয়াসহ দেশটির প্রতিবেশী দেশগুলোকে দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছে।আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে মেদভেদেভ বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি না হওয়ার কোনো কারণ নেই। আফগান অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত আছে রাশিয়া।’মেদভেদেভ সম্মেলনের আয়োজক হলেও তাঁর প্রধান উদ্দেশ্য মূলত নিজের স্বার্থসিদ্ধি করা। তেল এবং অন্যান্য পণ্যের দাম কমায় রাশিয়ার অর্থনীতি দুরবস্থার মধ্যে পড়ে। সেটি আরও চরম পর্যায়ে নিয়ে যায় বিশ্ব অর্থনৈতিক সংকট।মার্কিন ভূতত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী, আফগানিস্তানের খনিজ সম্পদ খুবই লাভজনক খাত হিসেবে সম্ভাবনার পূর্বাভাস দিচ্ছে। অনেকেই ইতিমধ্যে সে সুযোগ নেওয়া শুরু করেছে। যেমন চায়না মেট্রোলজিক্যাল গ্রুপ কাবুলের দক্ষিণে একটি তামার খনিতে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে।রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত বুধবার জানান, আফগানিস্তানজুড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের একটি প্রকল্পে অংশগ্রহণের জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছেন আফগান কর্মকর্তারা। এই বিদ্যুৎ লাইনের মাধ্যমে তাজিকিস্তান থেকে পানিবিদ্যুৎ পৌঁছাবে পাকিস্তানে।তবে ল্যাভরভ স্বীকার করেন, বিষয়টির অস্তিত্ব এখনো কাগজে-কলমে। তবে এ ধরনের সুযোগ এলে তা অবশ্যই গ্রহণ করবে রাশিয়া।তালেবান বিদ্রোহীদের দমন এবং সম্ভবত আফিম-বাণিজ্য নিয়ন্ত্রণে আফগান সরকারকে সহযোগিতার জন্য হেলিকপ্টার এবং ছোটখাটো অস্ত্র সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তারা ২০টি হেলিকপ্টার দিতে চেয়েছে, তবে এর মূল্য পরিশোধের জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে।আফগানিস্তানে পপি চাষ রুখতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। কেননা আফগানিস্তানে উত্পাদিত আফিমের একটি বড় অংশ রাশিয়ায় চলে যায় এবং এতে সেখানে হেরোইন আসক্তের সংখ্যাও বাড়ছে। নিউইয়র্ক টাইমস।