উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সুইডেনে মামলা হওয়ার পর গত শুক্রবার আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে গতকাল শনিবার তা প্রত্যাহার করা হয়।সুইডেনের আইনজীবী দপ্তরের প্রধান গণসংযোগ কর্মকর্তা কারিন রোসানডার বলেন, ‘দুটি মামলায় অ্যাসেঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর একটি ধর্ষণের মামলা। অপরটি নারী নির্যাতনের মামলা। কিন্তু পরে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়। রোসানডার জানান, অ্যাসেঞ্জের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। আইসল্যান্ড থেকে অ্যাসেঞ্জের সহকর্মী ক্রিস্টিন র্যাফেনসন জানিয়েছেন, উইকিলিকস-প্রধানের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। তিনি বলেন, ‘অনেক ক্ষমতাধর সংস্থা উইকিলিকসের ক্ষতি করতে চাইছে।’অ্যাসেঞ্জও তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কোনো ভিত্তি ছাড়াই এসব অভিযোগ আনা হয়েছে। আফগান যুদ্ধ নিয়ে সম্প্রতি অনেক গোপন নথিপত্র প্রকাশ করে দিয়ে চরম বিতর্কের সৃষ্টি করেছে ইউকিলিকস। সুইডেনের রাজধানী স্টকহোমে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে অ্যাসেঞ্জে ঘোষণা দেন, আফগান যুদ্ধ নিয়ে আর ১৫ হাজার গোপন নথি শিগগিরই প্রকাশ করা হবে। রহস্যময় ব্যক্তিত্বএদিকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ এক সাক্ষাত্কারে বলেছিলেন, তাঁর ওয়েবসাইটের মাধ্যমে তিনি মুক্ত সাংবাদিকতার একটি নতুন মানদণ্ড তৈরি করতে চান। ইতিমধ্যে গোপনীয় অনেক তথ্য প্রকাশ করার মাধ্যমে এ ব্যাপারে অনেক দূর এগিয়েও গেছেন তিনি। কিন্তু মুক্ত সাংবাদিকতার পক্ষ নিয়ে গোপন তথ্য প্রকাশকারী অ্যাসেঞ্জ নিজে কিন্তু অনেকটাই রহস্যময় এক ব্যক্তিত্ব। সাক্ষাত্কারে নিজের স্বপ্ন ও কার্যক্রম নিয়ে জানালেও জন্মতারিখটি তিনি জানাননি। ৩৯ বছর বয়সী এই অস্ট্রেলীয় নাগরিক দেশে দেশে ঘুরে বেড়ান। ১৯৭১ সালে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ম্যাগনেটিক আইল্যান্ডে তিনি জন্ম নেন। নিজের শৈশবকে তিনি যাযাবরের জীবন হিসেবে উল্লেখ করেছেন। কারণ তাঁকে নাকি সব মিলিয়ে ৩৭টি বিদ্যালয়ে পড়তে হয়েছিল। এএফপি ও বিবিসি।