দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব নাকচ আন্দোলনকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে নতুন সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরে সামরিক শাসকের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বলছে, এ মুহূর্তে সামরিক শাসনের অবসান ছাড়া তারা আর কোনো কিছু শুনতে চায় না।গতকাল বুধবার কায়রোর তাহরির স্কয়ারে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান নেভি পিল্লাই মিসরে গত কয়েক দিনে সহিংসতার ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, ‘আমি মিসরের কর্তৃপক্ষকে তাহরির স্কয়ার ও দেশের অন্যত্র বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’চার দিনের টানা সহিংস বিক্ষোভের পর ক্ষমতাসীন সামরিক সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাবি গত মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ২০১২ সালের জুলাইয়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণের ইচ্ছানুযায়ী গণভোটের মাধ্যমে তাৎক্ষণিক ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত রয়েছেন তিনি। এ ছাড়া পরিকল্পনা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন হবে। তিনি বলেন, ‘আমরা ক্ষমতা আঁকড়ে থাকতে চাই না।’তবে তানতাবির এমন আশ্বাসের পরও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাহরির স্কয়ারের বিক্ষোভকারীরা বলছে, তানতাবির এ প্রস্তাব যথেষ্ট নয়। তারা এ মুহূর্তে তার পদত্যাগ ও সামরিক শাসনের অবসান চায়। গত ফেব্রুয়ারিতে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের পর তানতাবির নেতত্বাধীন সামরিক সুপ্রিম কাউন্সিল ক্ষমতা গ্রহণ করে। তানতাবির দীর্ঘদিন মোবারক সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। মোবারকের পতনের পর এখন দেশটি সবচেয়ে কঠিন সংকট মোকাবিলা করছে।বিক্ষোভকারীরা বলছে, তারা তানতাবির কথা বিশ্বাস করে না। ৫০ বছর বয়সী ইবতিসাম আল-হেমালয় নামে এক বিক্ষোভকারী বলে, ‘তিনি যা বলছেন, আমরা তা বিশ্বাস করতে পারি না। বল কয়েক মাস ধরে সুপ্রিম কাউন্সিলের কোর্টে ছিল। কিন্তু তারা কিছুই করেনি।’ আহমেদ মামদু নামে আরেক বিক্ষোভকারী বলে, মোবারক ও তানতাবির মধ্যে কোনো পার্থক্য নেই। বিক্ষোভকারীরা বলছে, তারা এ মুহূর্তে সামরিক শাসনের অবসান ছাড়া আর কোনো কিছু শুনতে চায় না।প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনার প্রতিশ্রুতিকে বড় ধরনের ছাড় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এর আগে সামরিক কাউন্সিল জানিয়েছিল, ২০১২ সালের শেষ নাগাদ বা ২০১৩ সালের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়। এ ছাড়া সামরিক কাউন্সিল প্রণীত খসড়া সংবিধানের বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে আসছিল। বিক্ষোভকারীদের মতে, খসড়া এ সংবিধানে বেসামরিক সরকার নির্বাচিত হওয়ার পরও সামরিক বাহিনীর হাতে অনেক ক্ষমতা থেকে যাবে।এদিকে কায়রো, আলেক্সজান্দ্রিয়া, সুয়েজ, পোর্ট সেইদ ও আশওয়ানসহ আরও কয়েকটি শহরে গত মঙ্গলবার রাতভর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আলেকজান্দ্রিয়ায় গতকাল ভোরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক শ লোক। এএফপি, বিবিসি ও রয়টার্স।