সহিংসতায় মৃত্যুর ঘটনায় সুপ্রিম কাউন্সিলের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সামরিক সুপ্রিম কাউন্সিল। গতকাল বৃহস্পতিবার পরিস্থিতি ছিল শান্ত। তবে কয়েক হাজার বিক্ষোভকারী তাহরির স্কয়ারে অবস্থান করছে।বিক্ষোভকারীরা বলছে, সামরিক শাসনের অবসান না হওয়া পর্যন্ত তারা তাহরির স্কয়ার ছেড়ে যাবে না। গত শনিবার থেকে শুরু হওয়া এ সংঘর্ষ গতকাল বন্ধ হয়। ওসামা আবু সেরি নামের ৩০ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা সংঘর্ষ বন্ধ করতে চাই। কারণ, জনগণ এতে মারা যাচ্ছে।’বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে তাহরির স্কয়ারে অবস্থান করতে সম্মত হওয়ার পর বুধবার মধ্যরাত থেকে সংঘর্ষ বন্ধ হয়।আহমেদ এশাম (২৩) নামের এক ছাত্র জানান, ‘সামরিক কাউন্সিলকে অবশ্যই চলে যেতে হবে এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাদের দুর্নীতি যেন প্রকাশ না পায়, সে জন্য তারা ক্ষমতা ছাড়ছে না। সবকিছু যেন মোবারকের সময়ের মতোই হচ্ছে।’প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত পর্যন্ত তাহরির স্কয়ার-সংলগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তাহরির স্কয়ারে স্থাপিত অস্থায়ী হাসপাতালের চিকিৎসক তারেক সালেম জানান, বুধবার সংঘর্ষে চারজন নিহত হয়েছে।মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টানা পাঁচ দিনের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজার ব্যক্তি।বিক্ষোভকারীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটছে। তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।আল-জাজিরা টেলিভিশন অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে গতকাল জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মানসুর এল-এসেউই সামরিক কাউন্সিলের কাছে দেওয়া এক প্রতিবেদনে পার্লামেন্ট নির্বাচন স্থগিত করার সুপারিশ করেছেন। তবে আল-জাজিরা প্রতিবেদনটি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।মিসরে কয়েক দশকের মধ্যে অবাধ এ নির্বাচন আগামী সোমবার অনুুষ্ঠিত হওয়ার কথা।প্রধান বিরোধী দল মুসলিম ব্রাদারহুড চলমান আন্দোলনের বিরোধিতা করছে। ধারণা করা হচ্ছে, নির্বাচনে তারা ভালো করবে।সুপ্রিম কাউন্সিলের প্রধান তানতাবি গত মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ২০১২ সালের জুলাইয়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী গণভোটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত রয়েছেন তিনি। তবে বিক্ষোভকারীরা তানতাবির এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।গত ফেব্রুয়ারিতে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট হুসনি মোবারকের পদত্যাগের পর তানতাবির নেতৃত্বাধীন সামরিক সুপ্রিম কাউন্সিল ক্ষমতা গ্রহণ করে। রয়টার্স ও বিবিসি।