হোমসে দুই লাখ মানুষের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমসে গতকাল শুক্রবার দুই লাখের বেশি লোক বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সমাধানে কার্যকর ভূমিকা নিতে আরব লিগের গড়িমসি নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন বাড়িয়ে তুলেছে।এদিকে রাশিয়া সিরিয়ার সরকার ও বিরোধীদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাবের উদ্যোগ নিয়েছে। সিরিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশ রাশিয়ার এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অবাক হয়েছে।লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানায়, হোমস শহরে গতকালের বিক্ষোভে দুই লাখের বেশি লোক অংশ নেয়। বিক্ষোভকারীরা আজ শনিবার আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করার ঘোষণা দেওয়ায় হতাশা প্রকাশ করেছে। অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে রাজধানী দামেস্ক, দক্ষিণ এলাকার দারা, পূর্ব এলাকার দেইর ইজ্জরসহ আরও অনেক এলাকার রাস্তায় নামতে দেখা গেছে বিক্ষোভকারীদের। বিক্ষোভের সংগঠকদের অভিযোগ, আরব লিগ শনিবারের বৈঠক স্থগিত করার মাধ্যমে সিরিয়ায় সরকারকে আরও রক্তপাত ঘটানোর সুযোগ দিয়েছে। এ কারণে গতকালের বিক্ষোভের স্লোগান ছিল ‘আরব লিগ আমাদের হত্যা করছে’। এদিকে রাশিয়ার খসড়া প্রস্তাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ও তাঁর বিরোধীদের নিন্দা জানানো হলেও এতে অবরোধ আরোপের কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। রাশিয়ার এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বলেছে, দামেস্ক সরকারের বিরুদ্ধে এটা আশানুরূপ কঠোর পদক্ষেপ নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইঙ্গিত দিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর সিরিয়া সরকারের চলমান দমন-পীড়নের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে প্রথম নিন্দা প্রস্তাব পাস করতে রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করতে পারে পশ্চিমা দেশগুলো। হিলারি বলেন, ‘সেখানে বেশ কিছু বিষয় রাখা হয়েছে, যেগুলো আমরা সমর্থন করতে পারি না। তবে আমরা প্রস্তাবটি সতর্কভাবে খতিয়ে দেখছি।’পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, খসড়া প্রস্তাবটি সিরিয়ার ব্যাপারে রাশিয়ার অপেক্ষাকৃত শক্ত অবস্থান নির্দেশ করেছে। তবে এখনো সেটা ‘ভারসাম্যহীন’। কারণ, সেখানে বিরোধীদের সহিংসতা এবং সরকারের দমন-পীড়ন একই স্তরে রাখা হয়েছে। তাঁদের মতে, প্রস্তাবটিতে পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা এবং সিরিয়ার বিরুদ্ধে আরব লিগের নিষেধাজ্ঞায় সমর্থন দেওয়া উচিত ছিল।আরব লিগের বৈঠক স্থগিত: পর্যবেক্ষকদের অনুমতিদানে সিরিয়ার জবাব খতিয়ে দেখতে চলতি সপ্তাহের শেষে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আরব লিগ এ কথা জানিয়েছে। সংস্থাটির দ্বিতীয় সর্বোচ্চ প্রধান আহমেদ বেন হেলি জানান, সিরিয়ার চলতি সংকট নিয়ে আরব টাস্কফোর্সের বৈঠক কায়রোর বদলে দোহায় আজ শনিবার অনুষ্ঠিত হবে। গত রোববার সিরিয়া ঘোষণা দিয়েছিল, সিরিয়ার ওপর আরব লিগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলে পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে। এএফপি, রয়টার্স ও বিবিসি।