ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পকে কী প্রস্তাব দিলেন পুতিন, কী বলছে ক্রেমলিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান সংকট সমাধানের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সমন্বয় প্রক্রিয়া কীভাবে এগোয়, মস্কো এখন সেদিকে নজর রাখবে। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
গতকাল সোমবার পুতিন ও ট্রাম্প টেলিফোনে কথা বলেন। এ সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তাঁরা।
ইরান পরিস্থিতি নিয়ে রাশিয়া কী ধরনের প্রস্তাব দিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলার সুযোগ নেই। আসলে এমন কোনো উদ্দেশ্যও নেই। প্রেসিডেন্ট (পুতিন) তাঁর প্রতিপক্ষের (ট্রাম্প) কাছে এসব প্রস্তাব তুলে ধরেছেন। এখন এই অনুমোদন প্রক্রিয়া কতটা এগোয়, তা দেখার অপেক্ষায় আছি আমরা।’
পেসকভ আরও বলেন, ইরান পরিস্থিতি নিয়ে পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনা হওয়ার অর্থ এই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যে এই সমস্যা সমাধানের মধ্যস্থতাকারী হয়ে গেছেন।
সাংবাদিকদের পেসকভ বলেন, ‘রাশিয়া সাধ্যমতো সহায়তা দিতে প্রস্তুত এবং এটি করতে পারলে খুশিই হবে। তবে আপনারা জানেন, এর জন্য নানামুখী বোঝাপড়া ও সমন্বয়ের প্রয়োজন। তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’
পেসকভ আরও বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া অনেক প্রস্তাব এখনো আলোচনার টেবিলে রয়েছে।
দুই প্রেসিডেন্টের টেলিফোন আলাপে জ্বালানি তেলের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, দুই নেতার মধ্যে এ বিষয়ে কোনো কথা হয়নি।
পেসকভ বলেন, ‘না, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।’
প্রসঙ্গ ইউক্রেন
পেসকভ বলেন, ইউক্রেন সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে রাশিয়াসহ সব পক্ষই আগ্রহী।
পুতিন-ট্রাম্প ফোনালাপে ইউক্রেন সংকট সমাধানে ত্রিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কিছু এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে পেসকভ সাংবাদিকদের বলেন, মূল বিষয় হলো ত্রিপক্ষীয় কাঠামোটি অবশ্যই চালিয়ে যেতে হবে। পুরোপুরি ত্রিপক্ষীয়ভাবেই তা হতে হবে। সবাই এতে আগ্রহী।
পেসকভ বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত। প্রেসিডেন্ট পুতিন এই মধ্যস্থতার উদ্যোগকে গভীরভাবে মূল্যায়ন করেন। আমরা এর জন্য কৃতজ্ঞ এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আগ্রহী।’
পেসকভ বলেন, নতুন করে ত্রিপক্ষীয় আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি।
পেসকভ আরও বলেন, আলোচনা চালিয়ে যাওয়ার আগে মস্কোকে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, ওয়াশিংটন এমন কোনো শর্ত দেয়নি।
‘যুদ্ধবিরতির সঙ্গে জড়িত সব পদ্ধতি ইতিমধ্যে ভালোভাবে বোঝা গেছে’ উল্লেখ করে পেসকভ বলেন, সবাই যে ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি চায়, সে বিষয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।
সাংবাদিকদের পেসকভ বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি, (যুক্তরাষ্ট্রের বিশেষ দূত) স্টিভ উইটকফ রাশিয়ার আলোচকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আর এই যোগাযোগের মাধ্যমটি সত্যিই আমাদের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোতে একে অপরকে বার্তা পাঠানোর সুযোগ করে দিচ্ছে।’