৫৫টি টি-শার্ট গায়ে হাফ ম্যারাথনে বিশ্ব রেকর্ড
ওজন কমাতে গিয়ে দৌড়ানো শুরু। আর সেই দৌড়েই গড়লেন বিশ্ব রেকর্ড। তবে রেকর্ডটা শুধু দৌড়ের নয়, একসঙ্গে ৫৫টি টি-শার্ট গায়ে দিয়ে দৌড়ানোর।
যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের অ্যাথলেট মেরেডিথ স্মিথ গত ৩০ মার্চ ফোর্ট স্মিথ হাফ ম্যারাথনে অংশ নেন একটু অন্যভাবে। শরীরে একটা-দুটো নয়, একে একে ৫৫টি টি-শার্ট চাপিয়ে তিনি নামেন দৌড়ের ট্র্যাকে।
স্তরের পর স্তর কাপড়ে রীতিমতো ফুলে ওঠা শরীর নিয়ে দৌড়ানো যে কতটা কষ্টকর, তা সহজেই অনুমান করা যায়। তবু থামেননি মেরেডিথ। ৩ ঘণ্টা ৩০ মিনিটের কম সময়ে শেষ করেন পুরো দৌড়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি নিশ্চিত করেছে, হাফ ম্যারাথনে সবচেয়ে বেশি টি-শার্ট পরে দৌড়ানোর নারী বিভাগে রেকর্ডটি এখন তাঁরই।
তবে এই অদ্ভুত রেকর্ডের পেছনে রয়েছে মেরেডিথের একটি ব্যক্তিগত গল্প। ২০১৩ সালে ওজন কমানোর তাগিদে দৌড়ানো শুরু করেছিলেন তিনি। সে সময় হাফ ম্যারাথন তো দূরের কথা, দৌড়কে জীবনের অংশ বানানোর কথা স্বপ্নেও ভাবেননি। বছরের পর বছর পরিশ্রম করে শরীর ও মন দুটোই বদলে ফেলেছেন এই নারী।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে মেরেডিথ বলেন, ‘এই রেকর্ডটা আমার কাছে অন্য রকম মানে রাখে। ২০১৩ সালে যখন দৌড়ানো শুরু করেছিলাম, তখন এটা কখনো সম্ভব হবে বলে মনেই হয়নি। টি-শার্টগুলো পরে আবার সেই পুরোনো ভারটা শরীরে অনুভব করাটা ছিল যেন নিজের অতীতে ফিরে যাওয়া—স্পষ্ট বুঝতে পারছিলাম, কতটা পথ পেরিয়ে এসেছি।’
অর্থাৎ গায়ের ৫৫টি টি-শার্ট তাঁর কাছে স্রেফ কাপড় নয়। এগুলো যেন অতীতের সেই ভারী শরীরের কথা মনে করিয়ে দেওয়ার এক প্রতীকী উপায়। সেই ভার বুকে নিয়েই ছুটেছেন সামনে, জিতেছেন নিজের বিরুদ্ধেই লড়া এক অসাধারণ লড়াই।