ট্রায়ালে টিকা দিয়ে ঠেকানো গেছে ক্যানসারের ফিরে আসা

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক ও মডার্না যৌথভাবে এই টিকা তৈরি করেছেপ্রতীকী ছবি: রয়টার্স

একটি নতুন ব্যক্তিকেন্দ্রিক টিকা একটি ওষুধের সঙ্গে মিলিয়ে দেওয়ার পর পরীক্ষায় (ট্রায়াল) অংশ নেওয়া রোগীদের ত্বকের ক্যানসার ফিরে আসা ঠেকানো গেছে। ক্যানসারের চিকিৎসায় একে সম্ভাব্য গুরুত্বপূর্ণ এক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক ও মডার্না যৌথভাবে এ টিকা তৈরি করেছে। ত্বকের একধরনের ক্যানসার মেলানোমায় আক্রান্ত উচ্চ ঝুঁকির রোগীদের অস্ত্রোপচারের পর এ টিকা দেওয়া হয়।

দুই প্রতিষ্ঠানের এক ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নতুন এ টিকা রোগীদের ক্যানসারমুক্ত থাকার সময় বাড়িয়েছে। তবে এ সুবিধা কত দিন স্থায়ী হবে, তা এখনো স্পষ্ট নয়।

ক্যানসার–বিশেষজ্ঞরা একে যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছেন। তবে তাঁরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে ফলাফল পর্যালোচনা, যাচাইও করা হয়নি।

পরীক্ষার সব কটি ধাপ শেষ হওয়ার পরও এই চিকিৎসাব্যবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। এরপর যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) ব্যবস্থায় এ টিকা ব্যবহারের জন্য আরও একটি অনুমোদনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না
ছবি: রয়টার্স

‘ইন্টিসমেরান’ নামের এ টিকা ক্যানসারের চিকিৎসায় ইতিমধ্যে ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ কিট্রুডার সঙ্গে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান দুটির দাবি, শুধু কিট্রুডা নেওয়ার তুলনায় টিকা ও ওষুধ একসঙ্গে নেওয়ার ফলে রোগীরা উল্লেখযোগ্যভাবে বেশি সময় ক্যানসারমুক্ত থাকতে পেরেছেন। একই সঙ্গে এই সম্মিলিত চিকিৎসায় ক্যানসার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমেছে।

তৃতীয় ধাপের এ পরীক্ষায় এক হাজারের বেশি রোগী অংশ নেন। তাঁদের সবারই উচ্চ ঝুঁকির দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ পর্যায়ের মেলানোমা ছিল। অর্থাৎ কারও শরীরের নির্দিষ্ট একটি অংশে বড় আকারের টিউমার ছিল, আবার কারও ক্যানসার ইতিমধ্যে শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছিল।