যেমন আচরণ, তেমন দাম

উসমানের রেস্তোরাঁয় ঢুকলে দেখা যাবে এই নোটিশ বোর্ড
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

রেস্তোরাঁর নাম ‘চা স্টপ’। গরম চায়ে চুমুক দিতে চাইলেই ঢুকে পড়া যাবে সেখানে। তবে চায়ের দাম পরিশোধের সময় আপনাকে বিচিত্র এক অভিজ্ঞতার মুখে পড়তে হবে। কারণ, একই চায়ের দাম তিন রকম। আর আপনাকে কোন দাম পরিশোধ করতে হবে, তা ঠিক করে দেবে আপনার আচার-আচরণ।

ব্যতিক্রমী এ রেস্তোরাঁ যুক্তরাজ্যের প্রিস্টন শহরে। চলতি বছরের মার্চে সেটি চালু করেন ২৯ বছর বয়সী উসমান হুসাইন। রেস্তোরাঁয় চা বাদেও পাওয়া যায় ডোনাট, স্ট্রিট ফুড ও ভিন্ন রকমের মিষ্টান্ন।

রেস্তোরাঁয় ঢুকেই চোখে পড়বে একটি নোটিশ বোর্ড। সেখানে লেখা, দেশি চায়ের দাম ৫ পাউন্ড। তবে চা চাওয়ার সময় আপনি যদি একটু সম্মান দেখিয়ে বলেন, ‘অনুগ্রহ করে আমাকে দেশি চা দিন’, তাহলে একই চা পাবেন কম দামে—৩ পাউন্ডে। আরও কমে পেতে বলতে হবে, ‘হ্যালো, অনুগ্রহ করে আমাকে দেশি চা দিন’। সে ক্ষেত্রে চায়ের দাম পড়বে ১ দশমিক ৯০ পাউন্ড।

ওই নোটিশ বোর্ডের একটি ছবি গত শনিবার ফেসবুকেও পোস্ট করেছেন উসমান। এ বিষয়ে সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভিনিং নিউজকে উসমান বলেন, তিনি মনে করেন নোটিশটি রেস্তোরাঁর পরিবেশ ভালো রাখার ক্ষেত্রে ক্রেতাদের উৎসাহিত করবে। তবে রেস্তোরাঁটি চালু করার পর থেকে এখনো কোনো ক্রেতার খারাপ আচরণের মুখে পড়তে হয়নি তাঁদের।

উসমানের মাথায় পরিকল্পনাটি আসে একটি ফেসবুক পোস্ট থেকে। সেটিও দুই বছর আগের কথা। ওই পোস্টে ক্রেতাদের আচরণ ও খাবারের দাম নিয়ে একই ধরনের পদ্ধতি কাজে লাগিয়েছিল যুক্তরাষ্ট্রের একটি ক্যাফে। মার্চে রেস্তোরাঁ চালু করার পর সম্প্রতি উসমানের মনে হয়, তিনিও এই পদ্ধতি কাজে লাগাতে পারেন।

এদিকে ক্রেতাদের পাশাপাশি রেস্তোরাঁর কর্মীদের আচরণেও কোনো ঘাটতি রাখতে চান না উসমান। তিনি বলেন, ‘আমার ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি রেস্তোরাঁর দরজা দিয়ে ভেতরে আসবেন, আর আপনার সঙ্গে এমন আচরণ করা হবে যেন আপনি আমাদের বাসার অতিথি।’