অন্ত্যেষ্টিক্রিয়ায় নেওয়ার পথে ‘জেগে’ উঠলেন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বজনেরা শোকে মুহ্যমান। প্রিয়জন তাঁদের ছেড়ে চলে গেছে। ‘মরদেহ’ নিয়ে যাওয়া হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য। হঠাৎ জেগে উঠলেন সেই নারী। শোকার্ত স্বজনেরা কিছু সময়ের জন্য বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েন, পরে তাঁদের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা। সম্প্রতি থাইল্যান্ডের উদন থানি প্রদেশে এমন ঘটনা ঘটেছে।

ক্যানসারে আক্রান্ত ৪৯ বছর বয়সী চাতাপর্ন স্রিপহোনলাকে ২৯ জুন মৃত ঘোষণা করা হয়েছিল। এরপর তাঁকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সবাইকে চমকে দিয়ে তিনি জেগে ওঠেন।

চাতাপর্নের মা জানান, তাঁর মেয়েকে হাসপাতালে রেখে ক্যানসারের চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা বলেন, তাঁর বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ অবস্থায় তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কারণ, তিনি চেয়েছিলেন, জীবনের শেষ দিনগুলো তাঁর মেয়ে স্বজনদের সঙ্গে কাটাক।

তবে বাড়ি ফেরার পথে চাতাপর্ন ‘মারা’ যান। এ খবরে পরিবারের সদস্যদের হৃদয় ভেঙে যায়। তবে এরপরও তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিতে হয়। এ–সংক্রান্ত সব আয়োজন সম্পন্ন করেন তাঁরা। অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্দেশে ‘মরদেহ’ নিয়ে যাত্রা শুরু করেন তাঁরা। কিন্তু পথে তাঁদের জন্য বিস্ময় অপেক্ষা করছিল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চাতাপর্ন জেগে ওঠার পর দ্রুত তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন স্বজনেরা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সম্প্রতি ইকুয়েডরেও এমন এক ঘটনা ঘটেছে। গত ৯ জুন এক নারীর অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। চিকিৎসকেরা বলেছিলেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সমাধিস্থ করার আগে শোকার্ত স্বজনেরা ওই নারীর কাপড় বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তাঁরা দেখেন কফিনে শুয়ে ওই নারী জোরে জোরে শ্বাস নিচ্ছেন। কফিনের ঢাকনা খোলা থাকলেও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তিনি হাঁপাচ্ছিলেন। বেলা মনতোয়া নামের ওই নারীর বয়স ছিল ৭৬ বছর। তবে এ ঘটনার কয়েক দিন পর ১৬ জুন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।