এক উড়ালে ৫ কিলোমিটার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেপলিনের আধুনিক এয়ারশিপ এমন হতে পারে
ছবি: রয়টার্স

জার্মানির উদ্ভাবক ফ্রার্দিনান্দ ভন জেপেলিন একটি উড়োজাহাজ তৈরি করেছিলেন। তাঁরই নামে এটি জেপেলিন এলজেড-ওয়ান ফ্লাইট নামে পরিচিত। ১৯০০ সালের ২ জুলাই দেশটির কনস্ট্যান্স হ্রদের ওপর দিয়ে উড়ে যায় এই উড়োজাহাজ। এটি এক উড়ালে ৫ কিলোমিটার বা প্রায় ৩ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছিল। এ জন্য উড়োজাহাজটি সময় নিয়েছিল ১৮ মিনিট।

বিশ্ব পরিভ্রমণে বেরিয়ে নিখোঁজ

যুক্তরাষ্ট্রের নারী বৈমানিক অ্যামেলিয়া এরহার্ট। প্রথম নারী বৈমানিক হিসেবে উড়োজাহাজ চালিয়ে বিশ্ব পরিভ্রমণ করতে চাইতেন তিনি। এ জন্য অভিযানে বেরিয়েছিলেন। ১৯৩৭ সালের ২ জুলাই অ্যামেলিয়া প্রশান্ত মহাসাগরের ওপরে উড়ছিলেন। পরে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। এই দিনে নিখোঁজ হন তিনি।

সিভিল রাইটস আইন পাস

যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক দশকের বর্ণবাদবিরোধী আন্দোলন শোরগোল ফেলে দিয়েছিল। চাপে ফেলেছিল সরকারকে। আন্দোলনের জেরে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন ১৯৬৪ সালের এই দিনে সিভিল রাইটস আইন পাস করেন। এর মধ্য দিয়ে সব ধরনের বর্ণবাদী বৈষম্য দূর করা লক্ষ্য ছিল।

বিশ্বজুড়ে ধারাবাহিক কনসার্ট

লাইভ ৮ সিরিজ কনসার্টের নাম। বিশ্বজুড়ে ১৮২টি টিভি চ্যানেল এবং ২ হাজার রেডিও চ্যানেলে এই কনসার্ট প্রচার করা হয়েছে। ২০০৫ সালের ২ জুলাই শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত এই কনসার্ট চলেছিল। বিশ্বের বিভিন্ন শহর থেকে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার সংগীতজ্ঞ। গরিব দেশগুলোর প্রতি ধনী দেশের সহায়তা বাড়ানোর প্রচারণার অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছিল।

ইমেলদা মার্কোসের জন্মদিন

ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস
ছবি: এএফপি

ইমেলদা মার্কোস ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি। দেশটির নির্বাসিত স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী তিনি। দেশে চরম দারিদ্র্য চলার সময়েও বিলাসী জীবনযাপনের জন্য তিনি সমালোচিত ছিলেন। ১৯২৯ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন ইমেলদা।