অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্ট চূড়া জয়

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৩ মে। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ পর্বতারোহী অ্যালিসন হার্জরেভেস
ফাইল ছবি: এএফপি

অক্সিজেন সিলিন্ডার ছাড়াই নারীর এভারেস্ট জয়

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার। ফুটের হিসাবে ২৯ হাজার ৩২ ফুট। এভারেস্ট শৃঙ্গে বাতাসে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়া বেশ কঠিন। তাই পর্বতশৃঙ্গে অভিযানে যেতে হলে অক্সিজেন সিলিন্ডার নিতে হয় অভিযাত্রীদের। তবে ঝুঁকি নিয়ে অনেকে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই অভিযানে নামেন। তেমনই একজন ব্রিটিশ পর্বতারোহী অ্যালিসন হার্জরেভেস। ১৯৯৫ সালের এ দিনে এই নারী এভারেস্ট শৃঙ্গ জয় করেন। অক্সিজেন সিলিন্ডার সঙ্গে না নিয়েও সফলভাবে এভারেস্টের চূড়ায় ওঠা প্রথম নারী তিনি।

সাইকেলে ২৫০০ কিমি

সময়টা ১৯০৯ সালের এদিন। ইতালির মিলান থেকে শুরু হয় অবাক করা একটি সাইকেল রেস। অংশ নেন ১২৭ জন প্রতিযোগী। প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার বা ১ হাজার ৫৫৩ মাইল পাড়ি দিয়ে তাঁরা ৩০ মে মিলানে ফিরে পৌঁছান। বিশ্বের প্রথম ‘মাল্টি স্টেজ’ সাইকেল রেস ধরা হয় এই আয়োজনকে।

পুরো বিশ্ব পরিভ্রমণে দশ বছর

অস্ট্রেলিয়ার অভিযাত্রীক বেন গারলিন প্রথম ব্যক্তি যিনি চক্রাকারে বিশ্ব পরিভ্রমণ করেছিলেন। এ জন্য তিনি ব্যবহার করেছিলেন একটি বিচিত্র যানবাহন। তাঁর বাহনটি পানিতেও চলতে পারত, স্থলে ছুটতে পারত। ১৯৫৮ সালের এই দিনে কানাডায় তাঁর যাত্রা শেষ হয়। এর মধ্যে পেরিয়ে গেছে ১০টি বছর। বেন গারলিন পাড়ি দিয়েছেন পুরো বিশ্ব।

১৯৬৮ সালের এই দিনে প্যারিসে প্রেসিডেন্ট শার্ল দ্য গলের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়
ছবি: এএফপি

প্যারিসে বিক্ষোভ

ফ্রান্সে তখন রাষ্ট্রক্ষমতায় প্রেসিডেন্ট শার্ল দ্য গল। তবে তাঁর বিরুদ্ধে জনরোষ দানা বাঁধছিল। ছড়িয়ে পড়ছিল বিক্ষোভ। চলমান বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় ফরাসি পুলিশ। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে। পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে ১৯৬৮ সালের এই দিনে প্যারিসের রাস্তায় বড় বিক্ষোভ হয়। অংশ নেন ৮ লাখ মানুষ। তাঁদের দাবি ছিল একটাই, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে।  

আফ্রিকায় অক্ষ শক্তির আত্মসমর্পণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার মরুভূমিতে মিত্রবাহিনী তুমুল লড়াইয়ে নামে অক্ষ শক্তির বিরুদ্ধে। তবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয় মিত্র শক্তির। ১৯৪৩ সালের এই দিনে আত্মসমর্পণ করে অক্ষ শক্তি।

হলিউড তারকা রবার্ট প্যাটিনসন
ফাইল ছবি: রয়টার্স

রবার্ট প্যাটিনসনের জন্ম

ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন এখন হলিউডে রাজত্ব করছেন। টোয়াইলাইট সিরিজের চলচ্চিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ১৯৮৬ সালের এ দিনে জনপ্রিয় এই তারকার জন্ম।

আরও পড়ুন
আরও পড়ুন