ইয়েমেনের আল–মোখা শহর হুতিদের দখলে, চাপে সরকারি বাহিনী

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী মোখায় হুতিদের হামলার পর ক্ষয়ক্ষতির চিত্রফাইল ছবি: রয়টার্স

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের জয় পেয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। দেশটির তাইজ শহরের পশ্চিমে  ৯ দিন ধরে চলা লড়াইয়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল–মোখা শহর দখলে নিয়েছে তারা।

বেশ কিছুদিন ধরেই তাইজের পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল হুতিরা। তাদের প্রধান লক্ষ্য ছিল আল–মোখা শহর ও লোহিত সাগরের উপকূল দখল করা।

আল–মোখা ও উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে নিতে পারলে বাব আল–মানদেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঠেকানোর ক্ষেত্রে হুতিরা বড় ধরনের সুবিধা পাবে। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ তিনটি সরবরাহপথ বিচ্ছিন্ন করার সক্ষমতাও তারা অর্জন করবে।

রাজধানী সানায় হুতি কর্তৃপক্ষের অনুগত যোদ্ধা নিয়োগ কার্যক্রম চলছে। ইয়েমেন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: এএফপি

হুতিরা এরই মধ্যে এসব এলাকা দখল করেছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে আল–মোখা শহর পুরোপুরি দখলের ঘোষণা দেওয়ার অপেক্ষা।

আল–মোখায় থাকা কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে আল–জাজিরার সাংবাদিকেরা জানিয়েছেন, শহরটি ইতিমধ্যে হুতিদের নিয়ন্ত্রণে চলে গেছে। সরকারি বাহিনী আল–মোখা থেকে তাদের সব সামরিক ইউনিট সরিয়ে নিয়েছে।

এ পরিস্থিতিতে তাইজের পশ্চিমাঞ্চলে হুতিদের এই জয়কে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

হুতি ও সরকারি বাহিনীর মধ্যে চলমান লড়াইয়ে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ নানা ধরনের ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। গত দুই সপ্তাহে তাইজ, পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা, আল-জাউফ, মারিব ও আল-দালির অনেক এলাকায় লড়াইয়ে অন্তত ১৯৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮৮০ জন।