জলবায়ু সংকটে কৃষি ও খাদ্যব্যবস্থার পথ কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ু ন্যয্যতা নিশ্চিত করার দাবি জানান অধিকারকর্মীরা। আন্তালিয়া, তুরস্ক, ১০ নভেম্বর ২০২৬
ছবি: লেখক

নেপালের সোশ্যাল ওয়ার্ক ইনস্টিটিউটের প্রধান নামারাজ সিলওয়ালের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপ হলো তুরস্কের আন্তালিয়া থেকে। জানান, জলবায়ু সম্মেলনে তিনি আসতে পারছেন না। গত আগস্টের হড়কা বান ও পাহাড়ধসের কারণে জাতিসংঘ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল থেকে নেপালের দুই কোটি মার্কিন ডলার তহবিলের প্রতিশ্রুতির কথাও জানালেন। আলাপে নেপালের ২০০৮ সালের আগস্ট মাসের বন্যা ও ধসের কথাও উঠে আসে। কৈরালী জেলার খাইরালা গ্রামের মাগার আদিবাসীদের ৫০টি পরিবার সেই ঘটনায় জন্মভিটা ছেড়ে বাটেগাড়াতে আশ্রয় নিতে বাধ্য হয়।

২০০৮ সালের ২০ জুলাইয়ের বাংলাদেশের আরেক নির্মম স্মৃতি আমার সামনে এসে দাঁড়ায়। প্রবল বর্ষণে উত্তর-পূর্ব ভারতের কালাপাহাড় ধসে পড়েছিল সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে। মুহূর্তে বালুতে তলিয়ে যায় একরের পর একর শস্যজমিন, প্রাচীন গ্রাম ও ধর্মস্থল। চানপুর গ্রামের মান্দি আদিবাসী উদাস চিছাম আর মেজর মৃদের পরিবারও বসতজমি হারিয়ে আশ্রয় নেয় চানপুর টিলায়।

নেপালের খাইরালার মাগার কিংবা বাংলাদেশের সুনামগঞ্জের মান্দি আদিবাসীদের এই ক্ষয়ক্ষতির ন্যায়বিচার রাষ্ট্র বা বৈশ্বিক মঞ্চ—কেউ করছে না। উদ্বাস্তু হওয়ার পাশাপাশি কৃষি ও খাদ্যব্যবস্থা থেকেও তাঁদের করুণ বিদায় ঘটছে। বিশ্বব্যাপী জলবায়ু গল্পগুলোর মাত্রা ও লহমা ভিন্ন হলেও বৃহৎ দূষণকারী বিশ্বনেতৃত্বের মাধ্যমে ভুক্তভোগী মানুষদের চরমভাবে প্রতারিত হওয়ার উদাহরণগুলো অভিন্ন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদন (২০২১) অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি বা তার বেশি হলে এশিয়ার অধিকাংশ অঞ্চলে ভারী বৃষ্টি বাড়বে এবং প্রাণঘাতী ভূমিধস হবে। ইন্টারন্যাশনাল জার্নাল অব ডিজাস্টার রিস্ক সায়েন্সে (২০২৩) প্রকাশিত এক গবেষণা জানায়, জলবায়ু পরিবর্তনে অতিবৃষ্টির কারণে ভূমিধসের পরিমাণ বাড়বে।

চলতি সম্মেলন খাদ্য, পানি ও জলবায়ুকে আলাদা হিসেবে না দেখে একটি পরস্পরনির্ভর সমন্বিতব্যবস্থা হিসেবে বিবেচনা করছে। নারী কৃষকদের জন্য বিশেষ লক্ষ্যভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং খাদ্য ও জলবায়ু কার্যক্রমে তরুণদের অংশগ্রহণকে জোরালো করার ক্ষেত্রে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে সহায়তার দরজা উন্মুক্ত করতে চায় কপ৩১।

২০২১ সালে ল্যান্ডস্লাইড জার্নালে প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশের ২০১৭ সালের গুরুত্বপূর্ণ ভূমিধস ঝুঁকি হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। ২০১৭ সালের জুনে টানা বর্ষণের ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসে প্রায় ১৬০ জন নিহত এবং কৃষি বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। বাংলাদেশের হাওরাঞ্চলে পাহাড়ি ঢলে জমিন ও জীবন তলিয়ে যাওয়া এখন নিয়মিত ঘটনা।

এল নিনোর বিপদ ও ঝুঁকি নিয়ে আলাপ উঠলেও পাহাড়ি ঢল বা বালুতে খাদ্যব্যবস্থার ক্ষয়ক্ষতির মতো বিশ্বব্যাপী ঘটে চলা বহুমুখী অভিঘাতগুলো জলবায়ু সম্মেলনে অনালোচিতই থাকছে।

তুরস্কের আন্তালিয়ায় বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ৩১) চলছে
ছবি: রয়টার্স

কার চোখে কৃষি ও খাদ্যব্যবস্থার আলাপ

তুরস্ক জলবায়ু সম্মেলনের প্রথম দিনের প্রতিপাদ্য ‘কৃষি, খাদ্য ও স্বাস্থ্য’। জলবায়ু অভিঘাতের কারণে বিশ্বের প্রায় ৩১ কোটি ৮০ লাখ মানুষ খাদ্যসংকটে ভুগছে। খাদ্যব্যবস্থা থেকে মোট গ্রিনহাউস গ্যাসের তিন ভাগের এক ভাগ নির্গত হয়, অথচ জলবায়ু অর্থায়নের মাত্র চার ভাগ এই খাতে বরাদ্দ।

এই বৈষম্য দূর করতে জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) কপ৩১–এ বিশ্বব্যাপী টেকসই ও জলবায়ু–সহনশীল খাদ্যব্যবস্থার উত্তরণ ও আমূল রূপান্তরের সিদ্ধান্ত নিতে চায়। চলতি সম্মেলন খাদ্য, পানি ও জলবায়ুকে আলাদা হিসেবে না দেখে একটি পরস্পরনির্ভর সমন্বিতব্যবস্থা হিসেবে বিবেচনা করছে। নারী কৃষকদের জন্য বিশেষ লক্ষ্যভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং খাদ্য ও জলবায়ু কার্যক্রমে তরুণদের অংশগ্রহণকে জোরালো করার ক্ষেত্রে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে সহায়তার দরজা উন্মুক্ত করতে চায় কপ৩১।

আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনের প্রথম দিন ফুড অ্যাকশন এরিয়ায় বিভিন্ন দেশের খাদ্য, জলবায়ু ও অধিকারকর্মীরা খাদ্যব্যবস্থার ন্যায্য রূপান্তরের জন্য প্রতিবাদ সমাবেশ করেন। তাঁরা বলেন, কোম্পানির মুনাফার জন্য নয়, খাদ্য মানুষ ও পৃথিবীর অধিকার।

তবে জলবায়ু সম্মেলনের টেবিলে কৃষি ও খাদ্যব্যবস্থার আলাপকে আনতে বহু ধকল গেছে। সর্বশেষ ব্রাজিলের বেলেম সম্মেলনে কৃষি ও খাদ্যব্যবস্থাকে জলবায়ু সম্মেলনের ছয়টি প্রধান অ্যাকশন এজেন্ডার একটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনের প্রথম দিন ফুড অ্যাকশন এরিয়ায় বিভিন্ন দেশের খাদ্য, জলবায়ু ও অধিকারকর্মীরা খাদ্যব্যবস্থার ন্যায্য রূপান্তরের জন্য প্রতিবাদ সমাবেশ করেন। তাঁরা বলেন, কোম্পানির মুনাফার জন্য নয়, খাদ্য মানুষ ও পৃথিবীর অধিকার। মিথ্যা সমাধান ও একতরফা বাণিজ্যিক নিয়ন্ত্রণ বাতিল করে কৃষি ও খাদ্যব্যবস্থাকে কৃষকের অধিকার হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।

আরও পড়ুন

‘ফ্রম হেলদি সয়েল টু হেলদি ডায়েট, ক্লোজিং দ্য ফিনান্স গ্যাপ’ শীর্ষক এক সাইড ইভেন্টে অংশ নেন রকফেলার ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রয় স্টেইনার, ফিলিপাইনের এশিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশনের এস্থার পেনুনিয়া, অ্যাগ্রোইকোলজি কোয়ালিশনের সমন্বয়কারী অলিভার অলিভেরোজ, ব্রাজিলের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি ডিয়েগো লিওনার্দো রড্রিগুয়েজ। তাঁরা কৃষি ও খাদ্যব্যবস্থার নিরাপদ, দূষণমুক্ত, ন্যায্য ও অধিকারভিত্তিক রূপান্তরের জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাওয়া অতিথিদের স্বাগত জানাতে নানা আয়োজন করা হয়েছে তুরস্কের আন্তালিয়ায়
ছবি: রয়টার্স

সম্মেলনের দ্বিতীয় দিনে জারজিভান কক্ষে আয়োজিত সাইড ইভেন্টে টোগোর তরুণ জলবায়ুকর্মী আন্নেট্টে লুত্থা, পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিকের প্রতিনিধি পাকিস্তানের নাসিরা হাবিব, ভারতের এসএফএস নামের কৃষিবিষয়ক সংস্থার প্রতিনিধি ড. রেনু মারগ্যাম, অ্যালায়েন্স ফর ফুড সভরিনিটি ইন আফ্রিকার প্রতিনিধি ব্রিজেত মুগাম্বে কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে ন্যায্য ও বাস্তবমুখী জলবায়ু সমাধান হিসেবে অ্যাগ্রোইকোলজিকে গ্রহণের দাবি তোলেন।

খাদ্য উৎপাদনের কোনো একটি পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে তা সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। যদি বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করা যায়, তবে জলবায়ু তহবিলের একটা বড় অংশ খাদ্যব্যবস্থার অবদান হতে পারে।

আইপিসিসি (২০২২) উল্লেখ করেছে, অ্যাগ্রোইকোলজি জলবায়ু–সহনশীল খাদ্যব্যবস্থা নিশ্চিতকরণ এবং উৎপাদন ব্যয় কমাতে ভূমিকা রাখতে পারে। এফএওর ‘হাই লেভেল প্যানেল এক্সপার্টস’ শীর্ষক ২০১৯ সালের প্রতিবেদনেও অ্যাগ্রোইকোলজিকে টেকসই খাদ্যব্যবস্থা ও পুষ্টিনিরাপত্তা অর্জনের গুরুত্বপূর্ণ পন্থা হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০১৯ সালে এফএও বৈচিত্র্য, সমন্বয়, পুনর্ব্যবহার, দক্ষতা, সহনশীলতা, জ্ঞান সৃষ্টি ও বিনিময়, মানবিক ও সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্য, দায়িত্বশীল শাসনব্যবস্থা এবং সার্কুলার অর্থনীতি—এই পরস্পরনির্ভর ১০টি উপাদানকে অ্যাগ্রোইকোলজির কাঠামো হিসেবে অনুমোদন করেছে।

আরও পড়ুন

কৃষি ও খাদ্যব্যবস্থার মিথেন নিঃসরণ নিয়ে তর্ক আছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবং ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশনের গ্লোবাল মিথেন অ্যাসেসমেন্ট (২০২১) অনুযায়ী, মানুষের কর্মকাণ্ড থেকে সৃষ্ট মোট মিথেন নিঃসরণের প্রায় ৪০ ভাগ আসে বর্তমান কৃষিব্যবস্থা থেকে; কিন্তু জমি পানিবন্দী করে চাষাবাদ হয় মূলত উফশী ও হাইব্রিড ধান; যা সবুজ বিপ্লবের ফলাফল। করপোরেট ব্যবস্থা নিয়ন্ত্রিত কৃষি থেকে মিথেন উৎপাদনের দায়ভার কার? ধানখেতে দীর্ঘ সময় পানি জমে থাকলে অক্সিজেনের অভাবে মাটিতে মিথেন উৎপাদনকারী অণুজীব সক্রিয় হয় এবং নিঃসরণ বাড়িয়ে তোলে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলয়া তার এনডিসি ৩.০ প্রতিবেদনে অ্যাগ্রোইকোলজিকে যুক্ত করেছে। সব রাষ্ট্রপক্ষকেই জাতীয় কাঠামো এবং এনডিসিতে অ্যাগ্রোইকোলজিকে জলবায়ু সমাধান হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে আন্তালাতিয়াতেও।

এক স্বাস্থ্য, এক বিশ্ব, অভিন্ন লক্ষ্য

কপ৩১ প্রেসিডেন্সি ঘোষিত ১০টি অগ্রাধিকারের একটি ‘গতিশীল ও জলবায়ু–সহনশীল স্বাস্থ্যব্যবস্থা’। সম্মেলনের প্রথম দিন খাদ্য ও কৃষির আলোচনার পাশাপাশি ‘স্বাস্থ্য দিবস’ পালন করা হয়। মন্ত্রী পর্যায়ের বৈঠকে জাতিসংঘ জলবায়ু প্রধান সাইমন স্টিয়েল বলেন, জলবায়ু মোকাবিলার সামগ্রিক কাজের কেন্দ্রে স্বাস্থ্যকে রাখতে হবে।

জলবায়ু সম্মেলন কৃষি, খাদ্য ও স্বাস্থ্যব্যবস্থার রূপান্তরে ‘এক স্বাস্থ্য’ বা ‘ওয়ান হেলথের’ আলাপ তুলেছে। ‘ওয়ান হেলথ হাই লেভেল এক্সপার্ট প্যানেলের’ (২০২২) সংজ্ঞা অনুযায়ী, উদ্ভিদ, প্রাণী, মানুষ ও বাস্তুতন্ত্র পরস্পর নির্ভরশীল। তাই খাদ্য উৎপাদনের কোনো একটি পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে তা সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। যদি বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করা যায়, তবে জলবায়ু তহবিলের একটা বড় অংশ খাদ্যব্যবস্থার অবদান হতে পারে।

তুরস্কের আন্তালিয়ায় এই ভেন্যুতে চলছে কপ৩১ সম্মেলন। ড্রোন দিয়ে তোলা ছবি
রয়টার্স

বাংলাদেশসহ বিশ্বব্যাপী গ্রামীণ কৃষকেরা প্রকৃতির ব্যাকরণ মেনেই গড়ে তুলেছিলেন এক স্বাস্থ্যকর নিরাপদ কৃষিচর্চা। গ্রামের কৃষকের আবাদ করতে গিয়ে মাটি, পানি, মানুষ, গবাদিপশু, পাখি ও স্থানীয় বাস্তুতন্ত্রের অবদানকে মনে রেখেছিলেন। মানুষের খাদ্য উৎপাদনের জন্য জমিতে বিষ দিয়ে কেঁচো, মাছ, মৌমাছি, মাকড়সা, সাপ মেরে ফেলার মতো অন্যায় ব্যবস্থার প্রচলন করেননি। প্রাকৃতিক সেচনির্ভর শস্য আবাদ করেছেন, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে মাটির বুক নিঃস্ব করেননি; কিন্তু কৃষি ও খাদ্যব্যবস্থাকে অনিরাপদ, অন্যায্য ও বিষাক্ত করেছে বৈশ্বিক সবুজ বিপ্লব প্রকল্প, পুঁজিবাদের পাপ ও নিওলিবারেল কর্তৃত্ব। চাপিয়ে দেওয়া এই বিপজ্জনক কৃষি ও খাদ্যব্যবস্থা আজ পরিবেশ ও জনস্বাস্থ্যকে এক মরণযন্ত্রণায় দাঁড় করিয়েছে। কৃষি ও খাদ্যব্যবস্থা ক্রমাগতভাবে হাতেগোনা কিছু করপোরেট কোম্পানির কাছে জিম্মি হয়ে আছে। এক নিদারুণ জলবায়ু বিপন্ন সময়ে বৈশ্বিক সম্মেলনগুলোতে রাষ্ট্রপক্ষগুলো আজ সর্বনাশের ওপর দাঁড়িয়ে ‘এক স্বাস্থ্যব্যবস্থার’ আলাপ তুলতে বাধ্য হচ্ছে।

সম্মেলনের প্রথম দিন এক সাইড ইভেন্টে বিখ্যাত জনস্বাস্থ্যবিজ্ঞানী চীনের শিংগুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কুনরুই হুয়াং জানান, জুনোটিক ও পরজীবীবাহিত রোগ বৃদ্ধির ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে, এক স্বাস্থ্যব্যবস্থা–কাঠামো গড়ে তোলাই ন্যায্য রূপান্তরের মূল বিষয়।

তুরস্কের বোজা কিংবা বাংলাদেশের পান্তাভাতের দোহাই

কাঠামোগত বৈষম্য, কর্তৃত্ব ও উপনিবেশের মতো বহুমুখী জুলুমের দাগ লেগে আছে আমাদের খাবারের থালায়। খাবারের থালা থেকে সব জুলুমের দাগ সরাতে হবে। তুরস্কের নোবেলজয়ী লেখক ওরহান পামুকের ‘দ্য স্ট্রেঞ্জনেস ইন মাই মাইন্ড (২০১৪)’ উপন্যাসের এক চরিত্র মেভলুতকে দেখা যায়, ইস্তাম্বুলে বোজা নামের ঐতিহ্যবাহী গাঁজন করা পানীয় বিক্রি করে জীবন চালান। শীতকালের জনপ্রিয় এই পানীয় তৈরি হয় বাজরা, ভুট্টা ও গম থেকে। জলবায়ু সংকটের কারণে বোজা উৎপাদনের কাঁচামাল সরবরাহ ও গাঁজনপ্রক্রিয়ায় সমস্যা হচ্ছে।

বাংলাদেশের নানা অঞ্চলে প্রবীণদের সঙ্গে আলাপে তাঁরা হিজলদীঘা, নালঢেপা, গোলটেপি, সন্ধ্যামণি, নড়ই কিংবা পরাঙ্গীর মতো ধানের ‘পান্তাভাতের’ হারানো স্মৃতি তুলে ধরেন। সেই সব প্রায় হারানো ধানগুলোর শরীরে কৃষি উন্নয়নের বহু রক্তদাগ লেগে আছে। প্রতিটি খাবার প্রকৃতি ও সংস্কৃতির যৌথ স্মৃতিলিপি বহন করে চলে। জুলুমের দাগ সরিয়ে জলবায়ু সম্মেলনকে সভ্যতার এই খাদ্য-স্মৃতিলিপির সুরক্ষা দিতে হবে।

আরও পড়ুন