ইতিহাসের এই দিনে
মানচিত্রে চার রঙের ব্যবহার
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২১ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
একসময় মানচিত্রে পাশাপাশি দুটি দেশকে চিহ্নিত করার জন্য একই রঙের ব্যবহার করা হতো। এতে দেখা দিত বিভ্রান্তি। পরে এই বিভ্রান্তি দূর করতে মানচিত্রে চার রঙের ব্যবহার শুরু হয়। ১৯৭৬ সালের এই দিনে গাণিতিক উপায়ে পুরোনো এ সমস্যার সমাধান করেন যুক্তরাষ্ট্রভিত্তিক গণিতবিদ কেনেথ অ্যাপল ও উলফগ্যাং হাকেন। সুপারকম্পিউটার ব্যবহার করে সমস্যার সমাধান করা হয়েছিল।
প্রথমবার চালু হয় নাগরদোলা
বিশ্বের বড় শহরগুলোর পার্ক কিংবা বিনোদনকেন্দ্রে বড় আকারের নাগরদোলা থাকে। মানুষ এসব নাগরদোলায় চড়ে মজা করে। অনেক শহরে এসব নাগরদোলা রীতিমতো আইকন হয়ে দাঁড়িয়েছে। ১৮৯৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথমবারের মতো নাগরদোলা চালু করা হয়। মানুষ মাত্র ৫০ সেন্টের বিনিয়মে ওই নাগরদোলায় ২০ মিনিটের জন্য চড়তে পারত।
জুলে রিমে ট্রফি ঘরে তোলে ব্রাজিল
২১ জুন, ১৯৭০। টানটান উত্তেজনা নিয়ে ১ লাখ ৮ হাজার দর্শক হাজির হয় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। জুলে রিমে ট্রফি চিরতরে নিজেদের করে নেওয়ার লড়াইয়ে নামে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও ইতালি। পেলের অনবদ্য জাদুতে ৪-১ গোলে জয় পায় ব্রাজিল। সেই সঙ্গে দেশটি চিরতরে নিজেদের করে নেয় জুলে রিমে ট্রফি। এটা সর্বকালের সেরা একজন ফুটবলার পেলের ব্রাজিলের তৃতীয় ফুটবল বিশ্বকাপ জয়ের ঘটনা। ফুটবল কিংবদন্তি পেলে ‘ফুটবলের রাজা’ হিসেবেও পরিচিত ছিলেন।
প্রিন্স উইলিয়ামের জন্মদিন
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও তাঁর সাবেক স্ত্রী প্রিন্সেস ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম। ১৯৮২ সালের ২১ জুন জন্ম উইলিয়ামের। রাজা তৃতীয় চার্লসের পরে ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি উইলিয়াম।