আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সেনারা গতকাল শুক্রবার অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, তাঁর নির্দেশে মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে একটি ‘সুপরিকল্পিত ও জটিল’ অভিযান পরিচালনা করেছে। লক্ষ্যবস্তু ছিলেন আবু-বিলাল আল-মিনুকি। তিনি আইএসের বৈশ্বিক সেকেন্ড-ইন-কমান্ড।

নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে ট্রাম্পের প্রাণঘাতী হামলার নির্দেশ দেওয়া এবারই প্রথম নয়। দেশটিতে খ্রিষ্টানদের ওপর নির্যাতনের অভিযোগও করেছেন তিনি।

গত ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, তিনি উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে একটি ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলার’ নির্দেশ দিয়েছেন। তারা নিরীহ খ্রিষ্টানদের হত্যা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে লেক চাদ অববাহিকায় তাঁর আস্তানায় চালানো এক হামলায় মিনুকি ও তাঁর বেশ কয়েকজন সহযোগীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মিনুকি আবু মাইনক নামেও পরিচিত।

তিনুবু বলেন, নাইজেরীয় বাহিনী মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। তিনি এটিকে একটি সাহসী যৌথ অভিযান হিসেবে উল্লেখ করেন, যা ইসলামিক স্টেটের নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের আঘাত হেনেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে নাইজেরিয়ার বিরুদ্ধে ইসলামপন্থী জঙ্গিদের হাত থেকে খ্রিষ্টানদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছিলেন। এই অভিযানে অংশীদারত্বের জন্য তাঁকে নাইজেরীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।