নাইজেরিয়ায় নামাজ চলাকালে মসজিদের ছাদ ধসে মৃত্যু ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মসজিদের ছাদ ধসের পর আতঙ্কিত মুসল্লিরা রাস্তায় নেমে আসেন
ছবি: রয়টার্স

মসজিদে জুমার নামাজ পড়ছিলেন কয়েক শ মুসল্লি। এ সময় হঠাৎ মসজিদের ছাদ ধসে পড়ে। এতে অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। গতকাল শুক্রবার নাইজেরিয়ার জারিয়া শহরে এ ঘটনা ঘটেছে।

মসজিদের ছাদ ধসের ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার মসজিদের দেয়ালে একটি ফাটল দেখা গিয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন এলাকাটির আমির (প্রধান)।

জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আব্দুল্লাহি কাওয়ারবি রয়টার্সকে বলেন, দেয়াল ধসের ঘটনায় প্রথমে চারটি মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় আহত আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছে নাইজেরিয়ার জরুরি সেবা বিভাগ।

স্থানীয় কর্মকর্তারা জানান, মসজিদটি আঠারো শতকের ত্রিশের দশকে নির্মিত বলে ধারণা করছেন তাঁরা।