বিচ্ছেদের পর বিয়ের আলোকচিত্রীর কাছে অর্থ ফেরত চাইলেন নারী

বিচ্ছেদের প্রতীকী ছবি: এএফপি

ঘটা করে বিয়ে হয়েছিল চার বছর আগে। ছিল জমজমাট আয়োজন, ছবি তোলা। কিন্তু চারটি বসন্ত পেরিয়ে সেই বিয়ে এখন বিচ্ছেদে গড়িয়েছে। আর প্রয়োজন নেই উৎসব-আয়োজনের সেসব ছবির। তাই বিচ্ছেদের কারণ দেখিয়ে বিয়ের সময়কার আলোকচিত্রীকে দেওয়া অর্থ ফেরত চেয়েছেন এক নারী।

বিচিত্র এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। ওই আলোকচিত্রীর নাম ল্যান্স রোমিও। বিচ্ছেদ হয়ে যাওয়া ওই নারীর সঙ্গে রোমিওর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়েছে। রোমিও নিজেই তা প্রকাশ করেছেন।

রোমিও বলছেন, চার বছর আগে ওই নারীর বিয়ের আসরে ছবি তুলেছিলেন তিনি। বিনিময়ে অর্থ নেন। এত দিন পর ওই নারী নিজে থেকেই তাঁকে হোয়াটসঅ্যাপে নক দেন। জানান, তাঁর বিচ্ছেদ হয়ে গেছে। তাই বিয়ের সময় তোলা ছবিগুলো তাঁর আর প্রয়োজন নেই। এ কারণে ওই সময় রোমিওকে দেওয়া টাকা ফেরত চান তিনি।

রোমিও আরও বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন ওই নারী তাঁর সঙ্গে মজা করছেন। কিন্তু কথোপকথন যত আগায়, ততই তিনি বুঝতে পারেন, এটা মজা নয়। আক্ষরিক অর্থে ওই নারী তাঁর কাছে টাকা ফেরত চাইছেন।

পরে রোমিও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পুরো কথোপকথনের স্ক্রিনশট তিনি টুইটারে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনটা যেন একটা চলচ্চিত্র। এমন ঘটনা আপনি আর কোথাও দেখতে পাবেন না।’

ঘটনা এখানেই শেষ নয়। রোমিও যখন টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান, তখন ওই নারী আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। রোমিওকে দেওয়া টাকার অন্তত ৭০ শতাংশ ফেরত পাওয়ার আশায় তিনি আইনজীবীর সঙ্গে কথা বলবেন বলেও জানান। এমনকি এ বিষয়ে কথা বলতে রোমিওর সঙ্গে দেখা করতে চান তিনি।

এতকিছুর পরও তিনি রোমিওর কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি। রোমিও ওই নারীর সঙ্গে দেখা করেননি। টাকাও ফেরত দেননি। রোমিও তাঁকে সাফ জানিয়ে দেন, ‘প্রয়োজনে আপনি আইনজীবীর দ্বারস্থ হতে পারেন। কিন্তু মজুরি হিসেবে দেওয়া টাকা ফেরত পাবেন না।’

এই ঘটনায় রোমিওর করা টুইট দ্রুত ভাইরাল হয়। পরে ওই নারীর সাবেক স্বামী রোমিওর সঙ্গে যোগাযোগ করেন। সাবেক স্ত্রীর এমন আচরণের জন্য রোমিওর কাছে ক্ষমা চান তিনি।