তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ২০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়া উপকূলে এক নৌকা ডুবে ২০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে গতকাল শুক্রবার বিকেলে স্ফ্যাক্স শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্ফ্যাক্স শহরে আদালতের মুখপাত্র ফাউজি মাসমৌদি শনিবার বলেন, নৌকায় ৩৭ জন ছিলেন। তিউনিসিয়া উপকূল থেকে এটি ছেড়ে যায়। নৌকাডুবির পর ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এএফপির হিসাব অনুযায়ী গত মার্চ থেকে এ ধরনের অন্তত ছয়টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১০০ মানুষ নিখোঁজ হয়েছেন।
এ ধরনের ঘটনাগুলোর বেশির ভাগই স্ফাক্স ও মাহদিয়া প্রদেশের উপকূলে ঘটে থাকে। এই প্রদেশ দুটির উপকূল থেকে ইতালির লাম্পেদোসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার।
তিউনিসিয়ার কোস্টগার্ডের ভাষ্য, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউরোপে যাওয়ার পথে তারা ১ হাজার ৪০০–এর বেশি অভিবাসীকে আটক করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।
আল–জাজিরার খবরে বলা হয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুক্রবার বলেছেন, তিউনিসিয়ায় আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা না গেলে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে শরণার্থীদের একটি বিশাল ঢেউ আসার শঙ্কা দেখা দিয়েছে।
মেলোনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্যান্য দেশকে তিউনিসিয়ার পতন এড়াতে দ্রুত সাহায্য করার আহ্বান জানিয়েছেন।