নাইজেরিয়ায় মসজিদে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ২৭

নাইজেরিয়ার ম্যাপছবি: গুগল ম্যাপস থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজের সময় ‘সশস্ত্র দস্যুদের’ হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা গতকাল মঙ্গলবার ভোরে নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। তখন বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা দেখা যায়। স্থানীয় পশুপালক ও কৃষকেরা জমি ও পানির সীমিত প্রাপ্যতা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত জুনে এমনই একটি হামলায় দেশটির উত্তর-মধ্যাঞ্চলে শতাধিক মানুষ প্রাণ হারান।

মঙ্গলবারের রক্তপাতের পর আরও হামলা ঠেকাতে উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান রাজ্যের কমিশনার নাসির মুয়াজু।