দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলি, নিহত ১৭
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে ১৭ ব্যক্তি নিহত হয়েছে। আহত ১৫ ব্যক্তি। দেশটির পুলিশ আজ রোববার এ তথ্য জানিয়েছে।
পুলিশ আরও বলেছে, বন্দুকধারীরা কয়েকজন গ্রাহকের দেহ তল্লাশি করে। তারা তাঁদের মুঠোফোন নিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এরপর তারা দুটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ি দুটি শনাক্ত করা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পানশালাটি জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমের ওয়েডেলায় অবস্থিত। সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
গুলির পর ঘটনাস্থলেই ১৭ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন জরুরি চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা।
দক্ষিণ আফ্রিকার পুলিশ বলেছে, হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।
সন্দেহভাজন হামলাকারীদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানায় পুলিশ।