খার্তুমে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭, আবারও যুদ্ধবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদানে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে সংঘর্ষ শুরু হয়েছে
ছবি: রয়টার্স

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। হামলায় ২৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

গতকাল শনিবার সুদানের ঘনবসতিপূর্ণ ইয়ারমুক এলাকায় এ হামলা চালানো হয়। হামলার পর গতকাল ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছে।

সুদানের র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা জোরদার করার হুমকি দিয়েছিলেন সেনাবাহিনীর শীর্ষ এক জেনারেল। এর এক দিন পরেই এ হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন

এ মাসের প্রথম দিকে আরএসএফ ইয়ারমুক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে।

গতকাল রাতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে যুদ্ধরত দলগুলো। আজ রোববার সকাল থেকে এই চুক্তি কার্যকর হবে। সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এই চুক্তি ঘোষণা করে।

সুদানে সংঘর্ষে এ পর্যন্ত এক হাজারের বেশি নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। জাতিসংঘ বলছে, দেশটিতে চলমান সংঘর্ষে প্রায় ২২ লাখ মানুষ গৃহহীন হয়েছে। প্রায় ৫ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

সুদানে এ পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছে, তবে সেগুলো কার্যকর হয়নি।

আরও পড়ুন

আরএসএফ বলছে, মায়ো, ইয়ারমুক ও মান্ডেলার এলাকাবাসীকে লক্ষ্য করে সম্প্রতি হামলাগুলো চালানো হয়েছে। তবে এ ব্যাপারে সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

সুদানে সংঘর্ষ শুরুর পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশ চাদে গিয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা।

এই সহিংসতার কারণে সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে দুই দশকের পুরোনো সহিংসতা আবার বেড়েছে।

ক্ষমতা দখলকে কেন্দ্র করে গত ১৫ এপ্রিল সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তাঁর সাবেক উপপ্রধান মোহাম্মেদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘাতের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে আছেন আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। এই দুই জেনারেল একত্রে ২০২১ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেছিলেন।

কিন্তু আরএসএফকে সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। আরএসএফকে সামরিক বাহিনীতে একীভূত করার সময় কে সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ হবেন, তা নিয়ে, অর্থাৎ ক্ষমতার দ্বন্দ্বে তাঁদের মধ্যে লড়াই শুরু হয়।