১২ জন স্ত্রী আর ১০২ জন সন্তান তাঁর
১০২ সন্তানের এই জনকের স্ত্রী ১২ জন আর নাতি-নাতনির সংখ্যা ৫৭৮।
স্ত্রী-সন্তান আর নাতি-নাতনির সংখ্যা কত হলে ‘যথেষ্ট’ মনে হতে পারে। আপনার সঙ্গে মুসা হাসাহিয়া কাসেরার উপলব্ধির মিল হওয়ার সুযোগ নেই। উগান্ডার পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত বুতালেজা জেলার বুগিসা গ্রামের বাসিন্দা কাসেরার স্ত্রী ১২ জন। ১০২ সন্তানের এই জনকের নাতি-নাতনির সংখ্যা ৫৭৮।
নাতি-নাতনির সংখ্যা এত বেশি যে তাদের অধিকাংশেরই নাম মনে রাখতে পারেন না কাসেরা। বিশাল এই পরিবার সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। খোরপোষ দিতে না পারায় ছেড়ে গেছেন দুই স্ত্রী। এত দিনে কাসেরার উপলব্ধি—‘যথেষ্ট হয়েছে’।
নিজ বসতভিটায় বসে ৬৮ বছর বয়সী কাসেরা বার্তা সংস্থা এএফপিকে বলছিলেন, ‘প্রথমে এটা ছিল হাস্যরসের বিষয়...কিন্তু এখন সেসব ঘিরে নানা সমস্যা দেখা দিয়েছে। দিন দিন শরীরের জোর কমছে। বিশাল এই পরিবারের জন্য মাত্র দুই একর জমি। খাদ্য, বস্ত্র ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণ করতে পারিনি বলে দুই স্ত্রী ছেড়ে গেছে।’
বর্তমানে কাসেরা বেকার। অবশ্য তাঁর গ্রামটি এখন একধরনের পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। তিনি বলেন, পরিবারের সদস্য যাতে আর না বাড়ে, সে জন্য তাঁর স্ত্রীরা এখন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি মেনে চলছেন। কাসেরা বলেন, ‘আমার স্ত্রীরা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে, অবশ্য আমি করিনি। আমি আর সন্তান নিতে চাই না। কারণ, এত বেশি সন্তান জন্ম দেওয়ার দায়িত্বজ্ঞানহীন কাজ থেকে আমার শিক্ষা হয়েছে। সন্তানদের আমি লালন-পালন করতে পারছি না।’
পারিবারিক আয়োজনে কাসেরা প্রথম বিয়ে করেন ১৯৭২ সালে। এ সময় তিনি ও তাঁর স্ত্রী দুজনেরই বয়স ছিল ১৭ বছর। এক বছর পর তাঁদের প্রথম সন্তান হয়। কাসেরা বলেন, ‘যেহেতু আমরা শুধু দুই সহোদর ছিলাম, তাই আমার ভাই, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব আমাকে পরামর্শ দিয়েছিলেন, বংশের সম্প্রসারণে অনেক বেশি সন্তান জন্ম দিতে যেন বেশ কয়েকটি বিয়ে করি।’
গবাদিপশু বিক্রেতা ও কসাই হিসেবে সচ্ছল জীবন ছিল কাসেরার। আর অবস্থাসম্পন্ন দেখে গ্রামবাসী তাঁর সঙ্গে তাঁদের মেয়েদের বিয়ে দিতে চাইতেন। এমনকি তাদের কারও কারও বয়স ছিল ১৮ বছরের কম। উগান্ডায় বাল্যবিবাহ নিষিদ্ধ হয় ১৯৯৫ সালে। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ব আফ্রিকার দেশটিতে বহুবিবাহের প্রচলন রয়েছে।
কাসেরার সন্তানদের বয়স ১০ থেকে ৫০ বছর। আর তাঁর সবচেয়ে ছোট স্ত্রীর বয়স ৩৫ বছর। তিনি বলেন, ‘প্রথম আর শেষ সন্তান ছাড়া বাকিদের নাম মনে রাখতে পারেন না। তাঁদের জন্মের বিস্তারিত জানতে একটি পুরোনো নোট বইয়ের পৃষ্ঠা ওলটাতে ওলটাতে কথাগুলো বলছিলেন কাসেরা। তিনি বলেন, সন্তানদের চিনতে তাঁদের মায়েরা সাহায্য করেন। এমনকি কয়েকজন স্ত্রীর নামও মনে করতে পারেন না। এ জন্য নিজের এক সন্তানের সাহায্য নেন তিনি।