উগান্ডায় পাকিস্তানি, ভারতীয়, বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক

উগান্ডার রাজধানী কাম্পালার একাংশের দৃশ্য। ১৪ জানুয়ারি ২০২৬ছবি: রয়টার্স

উগান্ডায় অবৈধ অভিবাসন রোধে চালানো অভিযানে অন্তত ২৩১ বিদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে চালানো একটি অভিযানের লক্ষ্য ছিল দেশের উত্তরাঞ্চলে বসবাসরত একদল নাইজেরীয়। একই সময়ে রাজধানী কাম্পালার একটি অঞ্চলেও চলে অভিযান। সেখানে একসঙ্গে বাস করছিলেন আরেক দল বিদেশি।

দ্বিতীয় অভিযানে আটক বিদেশিদের মধ্যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ঘানা, মিয়ানমার, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও মালয়েশিয়ার নাগরিকেরা রয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, চলাচলে বিধিনিষেধ আরোপিত ওই এলাকায় তাঁরা নিজস্ব রেস্তোরাঁ ও অভ্যন্তরীণ সুবিধাসংবলিত স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অবস্থান করছিলেন। সেখান থেকে উদ্ধার করা হয় ১৬৯ জনকে, তাঁদের মধ্যে ৩৬ জন নারী।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিপুলসংখ্যক বিদেশি উগান্ডায় বসবাস বা কাজ করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা গেছে, অনেকের পাসপোর্টও নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘কিছু লোকের দাবি—চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের উগান্ডায় পাচার করা হয়েছে। অন্যরা সাইবার-স্ক্যামিং কার্যকলাপে জড়িত ছিল। কয়েকজনের কাছে এমন সামগ্রী পাওয়া গেছে, যা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ইঙ্গিত দেয়।’

বিবৃতিতে আরেও বলা হয়, কেউ আইন ভঙ্গ করেছেন বলে প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইমন পিটার মুন্ডেয়ি বলেন, সন্দেহভাজন পাচারের শিকার, অভিযুক্ত অপরাধী ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে গেলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন—এই তিন শ্রেণির বিদেশিদের জিজ্ঞাসাবাদের জন্য এখন দুটি স্থানে আটক রাখা হয়েছে।

সাইমন জানান, পাচারের শিকার ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়া ব্যক্তিদের টিকিট কিনে উগান্ডা ছাড়তে সহায়তা করা হবে। এ ছাড়া কর্তৃপক্ষ যাঁদের পাচারের মূল হোতা হিসেবে চিহ্নিত করবে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ করে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।

উগান্ডা বিদেশিদের স্বাগত জানায়। কঙ্গো, বুরুন্ডি ও দক্ষিণ সুদানের মতো প্রতিবেশী দেশগুলো থেকে সহিংস সংঘাত থেকে বাঁচতে কয়েক লাখ মানুষ আফ্রিকার এই দেশে আশ্রয় নিয়েছে। আফ্রিকা ও আফ্রিকার বাইরের অনেক দেশের মানুষের জন্যই স্বল্পকালীন সফরে উগান্ডায় যেতে ভিসার প্রয়োজন হয় না।