সুদানে সংঘাত
দিনভর বোমা-গুলি, লড়াই থামার লক্ষণ নেই
যুদ্ধবিরতি উপেক্ষা করে গুলি আর যুদ্ধবিমানের বোমাবর্ষণের জবাবে গর্জে উঠছে বিমানবিধ্বংসী মেশিনগান।
লড়াই শুরুর পরে একাধিকবার অস্ত্রবিরতিতে সম্মত হন বুরহান ও হেমেদতি। তবে কোনোটিই কার্যকর হয়নি।
যুদ্ধবিমানের বোমাবর্ষণের জবাবে গর্জে উঠছে বিমানবিধ্বংসী মেশিনগান। আজ শনিবারও সুদানের রাজধানী খার্তুমের পরিস্থিতি ছিল এমন। নতুন করে ঘোষিত অস্ত্রবিরতি লঙ্ঘন করে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে দেশটির সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যকার তীব্র লড়াই।
১৫ এপ্রিল শুরু হওয়া এ লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
ক্ষমতার দ্বন্দ্বে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল–বুরহান এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে এই লড়াই শুরু হয়। হামদান অবশ্য হেমেদতি হিসেবেই বেশি পরিচিত।
সেনাপ্রধানকে বিশ্বাস করা যায় না। তিনি একজন বিশ্বাসঘাতক। আমার সেনাদের ওপর বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় বসব না।
আমিরাতভিত্তিক আল–আরাবিয়া টেলিভিশনকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দেশ যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন ক্ষমতার জন্য লড়াই করার অধিকার কারও নেই। আফ্রিকান ইউনিয়নের নেওয়া শান্তি উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
লড়াই শুরু হওয়ার পর থেকে একাধিকবার অস্ত্রবিরতিতে সম্মত হন বুরহান ও হেমেদতি। তবে এসব অস্ত্রবিরতির কোনোটিই সেভাবে কার্যকর হয়নি। বেসামরিক মানুষের প্রাণহানি বেড়েই চলেছে। দেশ ছাড়ছেন হাজারো মানুষ। পালিয়ে যাওয়ার সামর্থ্য যাঁদের নেই, বেঁচে থাকতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
সর্বশেষ তিন দিনের অস্ত্রবিরতি কাল রোববার মধ্যরাতে শেষ হচ্ছে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার এ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল লড়াইরত দুই বাহিনী।
বোমা–গুলির শব্দে ঘুম ভাঙে
দক্ষিণ সুদানের এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আরেকটি সকালে আশপাশে যুদ্ধবিমান ও বিমানবিধ্বংসী মেশিনগানের গর্জনে আমরা ঘুম থেকে জেগেছি।’ এক প্রত্যক্ষদর্শী বলেন, ভোর থেকেই লড়াই চলছে। বিশেষ করে রাজধানীর পাশের ওমদুরমান শহরে রাষ্ট্রীয় টেলিভিশনের আশপাশে লড়াই অব্যাহত রয়েছে।
রাজধানী খার্তুমে ৫০ লাখ মানুষের বসবাস। খাদ্য ও পানির সরবরাহ আশঙ্কাজনক পর্যায়ে কমে যাওয়ার পাশাপাশি তীব্র বিদ্যুৎ–সংকটের মধ্যে অধিকাংশ মানুষ নিজেদের বাসাবাড়িতেই আশ্রয় নিয়েছেন। মাঝেমধ্যে লড়াই স্তিমিত হয়ে এলে জীবন রক্ষাকারী সামগ্রীর জন্য কেউ কেউ বাসাবাড়ি থেকে বের হন।
পরস্পরকে দোষারোপ
চলমান সংঘাতের জন্য পরস্পরকে দোষারোপ করছেন সেনাপ্রধান বুরহান ও আধা সামরিক বাহিনীর প্রধান হেমেদতি। দুই প্রতিদ্বন্দ্বী জেনারেল ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতাসীন পর্ষদের প্রধান পদে বুরহান আর উপপ্রধান হিসেবে রয়েছেন হেমেদতি।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরএসএফকে মিলিশিয়া হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, আরএসএফ সুদানকে ধ্বংস করতে চায়। মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে কোনো সংলাপ নয় বলেও জানান তিনি।
এদিকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধানের সমালোচনা করেছেন হেমেদতি। তিনি বলেন, সেনাপ্রধানকে ‘বিশ্বাস করা যায় না’ এবং তিনি একজন ‘বিশ্বাসঘাতক’। আরএসএফ প্রধান বলেন, তিনি আলোচনায় বসতে রাজি, তবে এ জন্য যুদ্ধবিরতি মানতে হবে। তাঁর সেনাদের ওপর বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত তিনি আলোচনায় বসবেন না।
বাসভাড়া ৪০ হাজার ডলার!
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, খার্তুম থেকে পালিয়ে আসা একটি পরিবার মিসর সীমান্তে আটকে আছে। সেখানে আরও কয়েক হাজার পরিবার আটকা। কারণ, চালক বাসভাড়া হিসেবে ৪০ হাজার ডলার দাবি করেছেন। ওই পরিবারে ১০ বছর বয়সের নিচে ৩ শিশু রয়েছে। এ ছাড়া ৮৮ বছরের এক নারীও রয়েছেন।
পরিবারটির বেশির ভাগ সদস্যের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। যুক্তরাজ্য সরকারের কাছে সহায়তার আহ্বান জানান পরিবারের সদস্য ফাদি আতাবানি। তিনি অভিযোগ করেন, আটকে পড়া মানুষদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন স্থানীয় বাসচালকেরা। স্বাভাবিক সময়ে বাস ভাড়া করতে ৩ হাজার ডলার ব্যয় হয়। আর এখন মাত্র ৩০ কিলোমিটার পার হয়ে বাসে সীমান্ত পার হতে ৪০ হাজার ডলার ব্যয় করতে হচ্ছে। কার কাছে এত অর্থ আছে!
দারফুর পরিস্থিতি ‘উদ্বেগজনক’
জাতিসংঘ জানিয়েছে, পশ্চিম দারফুর রাজ্যের আল–জেনিনা শহরে চলতি সপ্তাহে কমপক্ষে ৯৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘দারফুরে যা ঘটছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো। সমাজ বিভক্ত হয়ে হয়ে যাচ্ছে। আমরা দেখছি, উপজাতি সম্প্রদায়গুলো নিজেদের অস্ত্রে সজ্জিত করছে।’
দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলেছে, সেখানে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ এবং ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আশ্রয়শিবিরে থাকা বাস্তুচ্যুত মানুষও এ সহিংসতার শিকার হয়েছেন।
সুদানে এমএসএফের উপব্যবস্থাপক (অপারেশন) সিলভাইন পেরন বলেন, লড়াইয়ের ফলে সংস্থাটি পশ্চিম দারফুরে প্রায় সব কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।