সিনাই উপদ্বীপে ১০ হাজার বছরের প্রাচীন শিলাচিত্র

সিনাই উপদ্বীপে প্রাচীন একটি চিত্রকর্মছবি: এএফপি

মরুভূমি আর পাহাড়ে ঘেরা সিনাই উপদ্বীপ। এ অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। উপদ্বীপটি ঘিরে কত গল্প, কত কাহিনি এখনো ঘোরে মানুষের মুখে। এবার সিনাইয়ে সন্ধান পাওয়া গেছে ১০ হাজার বছরের পুরোনো একটি পুরাকীর্তিস্থলের। সেখানে রয়েছে শিলার ওপর খোদাই করা ও আঁকা প্রাচীন চিত্রকর্ম।

সিনাইয়ের অবস্থান মিসরে। পাশেই ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিনাই দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮২ সালে এক চুক্তির মাধ্যমে উপদ্বীপটি আবার মিসরের কাছে ফিরে যায়। সেই সিনাইয়ে নতুন জায়গাটি আবিষ্কারের কথা জানিয়েছে মিসরের পর্যটন ও পুরাকীর্তিবিষয়ক মন্ত্রণালয়।

মিসরের পর্যটন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জায়গাটি সিনাইয়ের উম ইরাক মালভূমিতে অবস্থিত। সেখানে ১০০ মিটার দীর্ঘ শিলার একটি কাঠামো রয়েছে। ওই শিলার ওপরই পাওয়া গেছে চিত্রকর্মগুলো। প্রাগৈতিহাসিক যুগ থেকে ইসলামি যুগ পর্যন্ত মানুষের শিল্পচর্চায় যে বিবর্তন এসেছিল, চিত্রগুলোয় তার ধারাবাহিকতা ফুটে উঠেছে।

এটিকে সাম্প্রতিক সময়ে মিসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি বলে উল্লেখ করেছে দেশটির সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকিউটিস। কাউন্সিলের মহাসচিব হিশাম এল-লেইথির ভাষ্যমতে, নতুন আবিষ্কৃত হওয়া এলাকাটির ঐতিহাসিক ও শিল্পমূল্য অনেক বেশি। বিভিন্ন সময়ের নিদর্শন থাকায় এটি ‘খোলা আকাশের নিচে একটি প্রাকৃতিক জাদুঘরের’ মতো হয়ে উঠেছে।

এলাকাটিতে শিলার কাঠামোর ওপরের অংশে লাল রঙে আঁকা অনেক প্রাণী ও চিহ্ন দেখতে পাওয়া যায়। আর খোদাই করা চিত্রে ফুটে উঠেছে প্রাচীন মানব সম্প্রদায়ের প্রতিদিনের জীবন ও আর্থিক কর্মকাণ্ড। কাঠামোর ভেতরে দেয়াল ও আগুন জ্বালানোর চুলা পাওয়া গেছে। এ থেকে বোঝা যায়, সেখানে দীর্ঘ সময় ধরে মানুষের বসবাস ছিল।

এসব চিত্রকর্মের মধ্যে আরেকটি প্রমাণ খুঁজে পেয়েছেন মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী শরিফ ফাতহি। সেটি হলো এই এলাকায় হাজার হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতার মানুষ বসবাস করেছেন। এই আবিষ্কারকে মিসরের প্রত্নসম্পদের ভান্ডারে গুরুত্বপূর্ণ এক সংযোজন হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া সেখানে সেন্ট ক্যাথরিন নামের শহর ঘিরে বড় একটি প্রকল্প হাতে নিয়েছে কায়রো। এর উদ্দেশ্য হলো ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা শহরটিকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে আনা।