ইয়েমেন যাওয়ার পথে নৌকা ডুবে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ৮৪

এ বছর ১২ এপ্রিল জিবুতি উপকূলে ডুবে যাওয়া একটি নৌকার ধ্বংসাবশেষ পরিদর্শন করছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক সদস্যছবি: এএফপি

আফ্রিকার জিবুতি উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫টি শিশু। এ ঘটনায় এখনো ৮৪ জন নিখোঁজ বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।

গতকাল রোববার এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময়ে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে ওই দুর্ঘটনা ঘটে। স্থানটি এডেন উপসাগরে বাব আল-মানদেব প্রণালির কাছে।

৩০০ জনের বেশি মানুষ নিয়ে নৌকাটি পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। নৌকাডুবির পর ৮০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা গেছে। তাঁরা সবাই ইথিওপিয়ার নাগরিক। জিবুতি কর্তৃপক্ষ ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোইসাক এত মানুষের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে বলেন, ‘জরুরি সহায়তা দিতে আমাদের দলগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।’

আলেক্সান্দ্রে কোইসাক আরও বলেন, মৃতের এই সংখ্যায় শুধু জিবুতি কর্তৃপক্ষ যাঁদের কবর দিয়েছে, তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসনপ্রত্যাশীরা নিজেরাও কয়েকজনকে কবর দিয়েছেন। কর্তৃপক্ষ সেসব মরদেহের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারি হিসাবে তাঁদের অন্তর্ভুক্ত করা হবে না।

জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মানদেব প্রণালি সবচেয়ে সরু স্থান মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত। হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে আসা হাজারো অভিবাসনপ্রত্যাশীর কাছে ইয়েমেনে পৌঁছানোর জন্য এ পথ দারুণ জনপ্রিয়, যদিও পথটি অত্যন্ত বিপজ্জনক।

জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মানদেব প্রণালি সবচেয়ে সরু স্থান মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত। হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে আসা হাজারো অভিবাসনপ্রত্যাশীর কাছে ইয়েমেনে পৌঁছানোর জন্য এ পথ দারুণ জনপ্রিয়; যদিও পথটি অত্যন্ত বিপজ্জনক।

আফ্রিকার নানা দেশ থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত্যুঝুঁকি নিয়ে নৌকায় করে লোহিত সাগর পাড়ি দিয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোয় পৌঁছানোর চেষ্টা করেন
ফাইল ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে আবার তীব্র লড়াই শুরু হওয়ায় অঞ্চলটিতে অস্থিতিশীলতা অনেক বেড়ে গেছে। তা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলোয় কাজ ও নিরাপত্তার খোঁজে অনেকে এই বিপজ্জনক যাত্রায় পা বাড়াচ্ছেন।

আরও পড়ুন

আইওএম জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইথিওপিয়া থেকে জিবুতিতে ‘২০ হাজারের বেশি মানুষের আগমন’ তারা নথিভুক্ত করেছে। সংস্থাটির হিসাবে, গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এ পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জন মারা গেছেন অথবা নিখোঁজ রয়েছেন।

তবে এখন শুধু জিবুতি থেকে অভিবাসীরা ইয়েমেনে যাচ্ছেন না, নতুন করে সংঘাত শুরু হওয়ায় ইয়েমেন থেকে কয়েক হাজার মানুষ ওই পথ ধরে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন