জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংঘাত-সংঘর্ষের কারণে বাড়িঘর ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। লড়াই অব্যাহত থাকায় এসব মানুষের কাছে ত্রাণ সহায়তাও পৌঁছানো যাচ্ছে না
ছবি: রয়টার্স

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের গ্রামগুলো এখন যেন ভুতুড়ে জনপদ। সবগুলো গ্রাম আগুনে পুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। জ্বালিয়ে দেওয়ার সময় গ্রামগুলোয় লুটপাট চালিয়েছে মিলিশিয়া গোষ্ঠীর সদস্যরা। দাতব্য সংস্থাগুলো সতর্ক করে বলছে, পুরো অঞ্চলটি এখন ভয়াবহ ‘মানবিক বিপর্যয়ের’ মুখে।  

বিস্তীর্ণ এই অঞ্চলে লুটপাট চালানোর সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ সব স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। অনেক বাসিন্দা খাবার, সুপেয় পানি ও ওষুধ পাচ্ছেন না। সেখানকার বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন।

বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন সংঘাত কবলিত এলাকার বাসিন্দারা
ছবি: রয়টার্স

রাষ্ট্রক্ষমতার ভাগাভাগি নিয়ে দুই জেনারেলের বিবাদের জেরে সুদানে সম্প্রতি সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিবদমান দুই পক্ষ—     সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)  মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় রাজধানী খার্তুম ও এর আশপাশে সহিংসতা আপাতত বন্ধ আছে।

কিন্তু দারফুর অঞ্চলে দুই পক্ষের মধ্যে লড়াই-সংঘাত এখনো চলছেই। এ দিকে সাত সপ্তাহে গড়ানো এই সহিংসতার জেরে পুরো দারফুর অঞ্চলে তৈরি দিয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি, যার অবনতি হচ্ছে প্রতিনিয়ত।

এই সহিংসতা থেকে বাঁচতে যাঁরা বাড়িঘর ছেড়ে পালাতে পারেননি তাঁরা আশপাশের এলাকাগুলোয় গর্ত খুঁড়ে তাতে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে অস্থায়ী এই আবাসস্থল সুরক্ষিত রাখতে বিভিন্ন রকম প্রতিবন্ধক দিয়েছেন। কারণ মিলিশিয়া যোদ্ধারা তাঁদের যাওয়ার পথে যা কিছু পান তার সবকিছু ধ্বংস করে দিচ্ছেন।
অঞ্চলটির এ চিত্র উঠে এসেছে দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নায়লার একজন সাংবাদিকের বর্ণনায়।

হামলা-সংঘাত-সহিংসতায় ধ্বংসযজ্ঞের রূপ নিয়েছে পশ্চিম দারফুর
ছবি: এএফপি

বিবিসির কাছে থাকা উপগ্রহ চিত্রেও ওই সাংবাদিকের বর্ণনার সত্যতা পাওয়া গেছে। ছবিতে দেখা যাচ্ছে, নায়লার অদূরের গ্রাম আবু আদম জ্বালিয়ে দেওয়া হয়েছে। কয়লার মতো কালো হয়ে আছে পুরো গ্রামটি।

নায়লার বাসিন্দাদেরও বেশির ভাগ সময় অন্ধকারে থাকতে হয়। বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। আর শহরের ভেতরে কোনো মানুষের কথা বলা বেশ কঠিন। যোগাযোগ ব্যবস্থার প্রায় সবই বিচ্ছিন্ন। কিন্তু এর মধ্যেই স্থানীয় এক সাংবাদিক ঈসা দাফাল্লাহ এই প্রতিবেদকের মাধ্যমে একটি বার্তা পৌঁছাতে সক্ষম হন।

ওই সাংবাদিক বললেন, ‘ছোট ছোট ট্রাকে অস্ত্র বোঝাই করে নিয়ে এসে শহরটিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন আরএসএফ সদস্যরা। তাঁদের সঙ্গে আরও ছিল মোটরসাইকেলের বহর।’ এর মধ্যে ১৯ মে শহরের বিভিন্ন অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন দোকানপাটে লুটপাট চালিয়েছেন আরএসএফের সদস্যরা।  

ত্রাণ সহায়তা পাওয়ার জন্য সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন একদল নারী
ছবি: রয়টার্স

শহরের সার্বিক পরিস্থিতির বর্ণনা দিয়ে ওই সাংবাদিক বলেন, ‘হাসপাতালটি ফাঁকা পড়ে আছে। কারণ এ হাসপাতাল ও আশপাশের এলাকায় চলছে লড়াই। বেশির ভাগ ওষুধের দোকানে লুটপাট চালানো হয়েছে। নায়লার সব আবাসিক এলাকায় ব্যারিকেড দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে।  একই সঙ্গে গর্ত খুঁড়ে তাতে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। কারণ, আবাসিক এলাকাগুলোতে যেন মিলিশিয়ারা কোনোভাবে ঢুকতে না পারেন।’  

নতুন করে শুরু হওয়া এই সংঘাতের আগে থেকেই আরও বিভিন্ন সংঘাত চলছিল অঞ্চলটিতে। আগের সংঘাত থেকে বাঁচতে যাঁরা বাড়িঘর ছাড়া হয়েছেন তাদের আশ্রয় দেওয়ার মতো অবস্থাই নেই। এর মধ্যে নতুন সংঘাতে আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

নায়লার এক স্থানীয় অধিকারকর্মী জানালেন, অঞ্চলটির ৬ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এসব মানুষের বিভিন্ন দাতব্য সংস্থার দেওয়া ত্রাণসহায়তার ওপর পুরোটাই নির্ভরশীল। তবে এখন তাদের সংকট আরও বেড়েছে। কারণ লড়াই-সংঘাত চলায় এসব মানুষ ৪০ দিন যাবৎ কোনো ত্রাণসহায়তা পাচ্ছেন না।’

উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, মিলিশিয়াদের দেওয়া আগুনে শহরের একাংশ ধ্বংস হয়ে গেছে। এটা শহরের জন্য একটা বড় ক্ষতি। কারণ, এই নায়লা থেকেই এর আশপাশের অঞ্চল এমনকি প্রতিবেশী দেশগুলোতে পণ্য সরবরাহ করা হয়। ফলে শহরের একাংশ ধ্বংস হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায়ও বড় ব্যাঘাত ঘটেছে।  

যুদ্ধকবলিত অঞ্চলটির লোকজন সাহায্যের আশায় মুখিয়ে আছেন। এদিকে দাতা সংস্থাগুলোর কর্মীরাও অঞ্চলটিতে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কিন্তু পারছেন না। তাঁরা এর পাশের দেশ চাদে আছেন। তাঁদের পরিকল্পনা যখনই তাঁরা সুযোগ পাবেন সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে দারফুর অঞ্চলে ঢুকবেন।

ফরাসি দাতা সংস্থা সলিডারিটি ইন্টারন্যাশনালের জাস্টিন মুজিক বলেন,‘আমরা জানি এটা খুব ঝুঁকিপূর্ণ। কিন্তু যত দ্রুত পারি আমাদের ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া প্রয়োজন। কারণ এটা না হলে পরে আমাদের সেখানে গিয়ে সর্বত্রই মরদেহ পড়ে থাকতে দেখতে হতে পারে। তাঁদের খাবার, পানি, টয়লেট কিছুই নেই।

পশ্চিম দারফুরের রাজধানী জেনেইনায় জ্বালানি সংকটে পানির পাম্পগুলো বন্ধ। অন্যদিকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। অত্যন্ত উষ্ণ এই অঞ্চলটিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত উঠতে দেখা যায়।

এত কিছুর পরও শহরে এখনো ধ্বংসযজ্ঞ চলছেই। উপগ্রহ চিত্রে শহরটির যেসব এলাকা জ্বালিয়ে দেওয়া হয়েছে তা দেখা যায়। কিছু কিছু এলাকায় এক সময় বেসামরিক স্থাপনা ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে।

জাস্টিন মুজিক বলেন, ‘শুধু যে সামরিক স্থাপনা নিশানা করেই হামলা চালানো হয়েছে বা হচ্ছে তা কিন্তু নয়। স্বাস্থ্যসেবা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, এনজিওগুলোর কার্যালয়েও হামলা হয়েছে। এক কথায় বেসামরিক নাগরিকেরা ব্যবহার করতে পারেন এমন সব স্থাপনাই ধ্বংস নয়তো জ্বালিয়ে দেওয়া হয়েছে।’

শুধু হামলা ও আগুন দেওয়ার মধ্যেই মিলিশিয়ারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তা নয়। একই সঙ্গে তাঁরা লুটপাট চালাচ্ছেন। এমনকি খাদ্যপণ্য পর্যন্ত লুট হয়েছে। চলতি মাসের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, নতুন করে সংঘাত শুরু হওয়ার প্রথম সপ্তাহে ১৭ হাজার মেট্রিক টন খাবার লুট হয়েছে।