সুদানের নিয়ন্ত্রণ নিয়ে দুই ব্যক্তি লড়াই। এই লড়াইয়ে বিপদে দেশটির সাধারণ মানুষ।
সংঘাতে কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হাজারো। সংঘাত থেকে বাঁচতে হাজার হাজার মানুষ ইতিমধ্যে নিজ এলাকা ছেড়েছেন।
যেসব মানুষ সংঘাতপূর্ণ এলাকা থেকে পালাতে পারেননি, তাঁরা নিজেদের বাড়িঘরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁরা খাবার ও পানির কষ্টে আছেন।
সুদানে ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। বিবদমান পক্ষ দুটির একদিকে আছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অন্যদিকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি।
ইমান আবু গারজার একজন ব্রিটিশ-সুদানিজ চিকিৎসক। পবিত্র রমজান উপলক্ষে তিনি যুক্তরাজ্য থেকে সুদান যান। সুদানে গিয়ে তিনি এক অচিন্তনীয় বিপদে পড়েছেন।
সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সিএনএন। গত শুক্রবার তাঁর কাছ থেকে সবশেষ তথ্য পায় সিএনএন। ইমান তাঁর, পরিজনদের বিপর্যস্ত অবস্থার বিবরণ দিয়েছেন।
নিজের অবস্থা বোঝাতে গিয়ে ইমান বলেন, ‘আমি ক্লান্ত, সত্যিই ক্লান্ত।’
ইমান আরও বলেন, সংঘাতের ফলে সৃষ্ট পরিস্থিতিতে তিনি ও তাঁর স্বজনেরা ঘরে অবরুদ্ধ হয়ে আছেন। তাঁদের মধ্যে ব্যাপক ভয় কাজ করছে।
গত বৃহস্পতিবারের অভিজ্ঞতা সম্পর্ক ইমান বলেন, তখন গভীর রাত। রাতে তাঁরা বিকট শব্দ শুনতে পান। কিন্তু বুঝতে পারছিলেন না, এই শব্দ কিসের। তবে তাঁর ধারণা, ক্ষেপণাস্ত্র হামলা থেকে এই শব্দ হতে পারে।
ইমানের বাবা অসুস্থ। তিনি চলাফেরা তেমন একটা করতে পারেন না। তিনি রাতে সোফা-বিছানায় শুয়ে ছিলেন। বিকট শব্দের মুখে তাঁরা তাঁকে দ্রুত ঘরের একটি নিরাপদ জায়গায় নিয়ে যান।
ঘরে ইমানের মেয়ে আছে। এই অবরুদ্ধ দশা, এই গোলাগুলির শব্দে তাঁর মেয়ে খুবই অসহায়বোধ করছে বলে জানান তিনি।
ইমানের দাদির বয়স ৯৬ বছর। তিনিও গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছিলেন। এমনকি গোলাগুলির ফলে সৃষ্ট কম্পনও তিনি অনুভব করছিলেন। গোলাগুলির শব্দ যাতে তাঁর কান পর্যন্ত না পৌঁছায়, সে চেষ্টা করছিলেন তিনি।
ঘরে ইমানের মা, বোন, চাচাতো ভাই আছেন। আছেন ঘরের কাজের সহকারীরা। তাঁরা কেনিয়া ও ইথিওপিয়ার নাগরিক। গোলাগুলির ঘটনায় তাঁরা খুব ভয় পেয়ে যান।
ইমানের মনে হচ্ছিল, এই গরিব মানুষগুলো (সহকারীরা) তাঁদের দেশ থেকে সুদানে এসেছেন। তাঁরা তাঁদের পরিবার-পরিজন থেকে অনেক দূরে। কিন্তু সুদানে এখন তাঁরা বিপদের মুখোমুখি।
ইমান জানান, একপর্যায়ে তাঁদের বাড়ির খুব কাছে দুই থেকে তিনটি প্রচণ্ড শব্দ হয়। তাঁরা ভয়ে পবিত্র কোরআন পড়া শুরু করেন। তাঁরা দোয়া পড়তে থাকেন, যাতে নিরাপদে থাকতে পারেন। তাঁরা ঘরে থাকা শিশুদের নানাভাবে শান্ত রাখার চেষ্টা করছিলেন।
সুদানে গত শুক্রবার ছিল ঈদুল ফিতর। কিন্তু সংঘাতের কারণে দেশটিতে ঈদ ছিল বিবর্ণ। ইমান বলেন, ঈদের নামাজের জন্য কোনো আজান পর্যন্ত তিনি শুনতে পাননি।
ইমান বলেন, যুক্তরাজ্য থেকে তাঁর সুদানে আসার একটি প্রধান কারণ ছিল, পরিবারের সঙ্গে রোজার মাসটি কাটানো, রোজা শেষে ঈদ উদ্যাপন। কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়।
ইমান জানান, তাঁর ঈদের সব পোশাক ব্যাগেই রয়ে গেছে। নেলপালিশ, চুলের যত্নের সামগ্রীও ব্যাগ থেকে বের করা হয়নি। ঈদের দিন তিনি কোনো সাজগোজ করেননি।
ইমান বলেন, তাই এটি ছিল সত্যিই একটি দুঃখজনক দিন।
সংঘাতের মুখে অনেক মানুষ পালাচ্ছেন জানিয়ে ইমান বলেন, তাঁদের পরিবারের আকার বড়। পরিবারে শিশু ও বয়স্ক সদস্য রয়েছে। তাঁর দাদির যে বয়স, এ অবস্থায় তাঁকে এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়াটা সহজ নয়।
ইমান বলেন, তাঁর ভাইয়ের মেয়ের কিছু স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। তার কিছু সুনির্দিষ্ট ওষুধ দরকার হয়। তাঁর মা, বাবা, দাদি, বোন সবাই খুব সমস্যা হবে।
ইমান বলেন, ‘আমরা ইতিবাচক থাকার চেষ্টা করি। আমরা গেম খেলার চেষ্টা করি। সিনেমা দেখার চেষ্টা করি। কিন্তু আমাদের মনোযোগ বেশিক্ষণ থাকছে না। কেউ বসে সিনেমা দেখতে পারছে না।’
ইমান বলেন, বিবদমান পক্ষ দুটির বিবৃতি দেখলে মনে হয়, এর লেখক একই। যার মূল কথা—‘আমি তোমাদের ত্রাণকর্তা ও বিজয়ী’। কিন্তু তিনি জানেন, উভয়ের কথাই অসত্য, কারসাজিপূর্ণ। তারা রক্তপিপাসু মানুষ। মানুষের জীবন ও মর্যাদার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।