অপহৃত মেয়েদের প্রায় সবাই জীবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের অপহরণ করা চিবক শহরের মেয়েদের মধ্যে ছয়জন ছাড়া বাকি সবাই জীবিত আছে। আবুজায় বাস করা চিবক সম্প্রদায়ের এক নেতা সদ্য উদ্ধার পাওয়া তরুণী আমিনা আলির বরাত দিয়ে এ কথা বলেছেন।
অপহৃত মেয়েদের মুক্তির জন্য আন্দোলনকারীরা বলেছেন, ক্যামেরুন সীমান্তের অদূরে বিশাল সামবিসা জঙ্গলের কাছে বোকো হারামের যোদ্ধাদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষের পর মঙ্গলবার আমিনাকে পাওয়া যায়। এ সময় ১৯ বছরের আমিনার সঙ্গে তাঁর চার মাস বয়সী একটি সন্তান ছিল।
আমিনা বলেছেন, বাকি মেয়েরা সেনা-জঙ্গি সংঘর্ষের সময় সামবিসা জঙ্গলেই ছিল। চিবক সম্প্রদায়ের নেতা হোসি আবানা সাম্বিদো আমিনার সঙ্গে কথা বলার পর এ কথা জানান।
২০১৪ সালের এপ্রিলে নাইজেরিয়ার চিবক শহরের একটি মাধ্যমিক স্কুল থেকে ২৫৬ জন কিশোরীকে অপহরণ করেছিল জঙ্গি সংগঠন বোকো হারাম। তাদের মধ্যে ৫০ জনের বেশি পালাতে সক্ষম হয়েছিল। বাকিরা এখনো নিখোঁজ।
সেনাবাহিনীর সঙ্গে বোকো হারামের সদস্যদের মঙ্গলবারের সংঘর্ষের পর সংগঠনটির একজন সন্দেহভাজন যোদ্ধাকে আটক করা হয়েছে। তিনি নিজেকে আমিনার স্বামী বলে পরিচয় দিয়েছেন।
এদিকে আমিনাকে গতকাল বৃহস্পতিবার রাজধানী আবুজাতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির সঙ্গে তাঁর দেখা করার কথা। বিমানবাহিনী গত বুধবার আমিনা ও তাঁর সন্তানকে বিশেষ বিমানে করে বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরিতে নিয়ে যায়। সেখানে মায়ের সঙ্গে আমিনার আবেগঘন পুনর্মিলন হয়।