অবিলম্বে বাড়তি সেনা পাঠাতে জাতিসংঘকে মালির আহ্বান
জঙ্গি ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অবিলম্বে বাড়তি সেনা পাঠাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন মালির পররাষ্ট্রমন্ত্রী আবদৌলায়ী দিয়োপ। সোমবার জঙ্গিদের হাতে নাইজারের নয়জন শান্তিরক্ষী এবং পরদিন সেনেগালের এক সেনা নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই আহ্বান জানান। খবর বিবিসির।
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর চালানো এসব হামলা সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ মিশনের ওপর চালানো সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে পড়ে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের প্রধান হার্ভে লাদসুস জানিয়েছেন, ফরাসি সেনারা চলে যাওয়ার পর মালির সেনারা সৃষ্ট শূন্যতা পূরণ করতে পারছে না। রাজধানী বামাকোর দিকে অগ্রসর হওয়া আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গিদের ঠেকাতে ২০১৩ সালের জানুয়ারি মাসে ফরাসি ও আফ্রিকার সেনারা হস্তক্ষেপ করে। দেশটির উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে জঙ্গিদের বিতাড়িত করা হলেও তারা জাতিসংঘ বাহিনীর ওপর ক্রমাগত হামলা চালাতে থাকে। জাতিসংঘের নয় হাজার সেনার একটি দলকে ২০১৩ সালের জুলাইয়ে পশ্চিম আফ্রিকার দেশটিতে শান্তিরক্ষার দায়িত্ব দেওয়া হয়।
হার্ভে লাদসুস জানান, মালিতে ২০১৩ সালের জুলাইয়ে জাতিসংঘ মিশন শুরুর পর থেকে এ পর্যন্ত ৩১ সেনা নিহত ও ৯১ জন আহত হয়েছে।
ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া এক বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে দিয়ে মালির পররাষ্ট্রমন্ত্রী আবদৌলায়ী দিয়োপ বলেন, এই অঞ্চলটি সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হচ্ছে। এ অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত জরুরি ভিত্তিতে অতিরিক্ত সেনা পাঠানো।