প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত দেশে ফিরতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়ের এনকুরুনজিজা
পিয়ের এনকুরুনজিজা

বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজাকে গতকাল বুধবার সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এদিকে, সেনা অভ্যুত্থানের সময় বিদেশে অবস্থানরত প্রেসিডেন্টের দেশে ফিরে আসা ঠেকাতে বিমানবন্দর ও সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন অভ্যুত্থানকারী নেতা মেজর জেনারেল গোডফ্রয়ড নিয়মবারেহ। খবর এএফপি ও বিবিসির।
পুনর্নির্বাচিত হওয়ার মাধ্যমে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করছিলেন প্রেসিডেন্ট এনকুরুনজিজা। এ নিয়ে দেশটিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই অভ্যুত্থানের ঘটনা ঘটল। এক বিবৃতিতে জেনারেল নিয়মবারেহ বলেন, প্রেসিডেন্ট এনকুরুনজিজা সংবিধান লঙ্ঘন করে তৃতীয় দফায় ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তাই তিনি তাঁর নেতৃত্বকে স্বীকৃতি দেননি। 

রেডিওতে সম্প্রচারিত এক ভাষণে গোডফ্রয়ড নিয়মবারেহ বলেন, দেশ পরিচালনার জন্য কমপক্ষে পাঁচজন সেনা ও পুলিশ জেনারেলের সমন্বয়ে ‘জাতীয় পরিত্রাণ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির লক্ষ্য হলো, ‘নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা ও জাতীয় ঐক্য পুনরুদ্ধার’।
রাজধানী বুজুমবুরায় সেনারা সরকারি কার্যালয় ও জাতীয় গণমাধ্যম প্রতিষ্ঠানের কার্যালয় ঘিরে ফেলে। উৎফুল্ল অনেক মানুষ রাস্তায় নেমে আনন্দ করে। এই অভ্যুত্থানের পেছনে ঘোষণা দেওয়া কর্মকর্তা গোডফ্রয়ড নিয়মবারেহর কতটা সমর্থন রয়েছে, তা গতকাল তাৎক্ষণিকভাবে পরিষ্কার ছিল না।

বুরুন্ডির চলমান সংকট নিয়ে পূর্ব আফ্রিকার নেতাদের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট এনকুরুনজিজা তানজানিয়ায় অবস্থান করছিলেন। গতকাল সেনা অভ্যুত্থানের খবরে দেশে ফিরে আসতে চাইলে তাঁর ফিরে আসার পথ রুদ্ধ করার পরিকল্পনা করেন জেনারেল গোডফ্রয়ড নিয়মবারেহ। তিনি রেডিওতে সম্প্রচারিত এক বক্তব্যে দেশটির বিমানবন্দর ও সীমান্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, তাঁর প্রতি দেশটির উচ্চপদস্থ পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমর্থন রয়েছে।
বুরুন্ডিতে গত ২৬ এপ্রিল থেকে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজার হাজার মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়। এর আগে প্রেসিডেন্টের এক সহযোগী এই অভ্যুত্থানকে ‘রসিকতা’ বলে দাবি করে তা নাকচ করে দিয়েছিলেন।