আইএসের প্রতি আনুগত্য প্রকাশ বোকো হারামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু বকর শেকাউ
আবু বকর শেকাউ

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করেছে নাইজেরিয়ার ইসলামপন্থী গোষ্ঠী বোকো হারাম। গত শনিবার অনলাইনে প্রকাশিত এক অডিও বার্তায় এ ঘোষণা দিয়েছে তারা। এ বক্তব্য সত্যি হলে আইএসের প্রতি আনুগত্য প্রকাশকারী বিভিন্ন গোষ্ঠীর তালিকায় বোকো হারাম হবে সর্বশেষ সংযোজন। খবর এএফপি ও বিবিসির।
বোকো হারামের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ওই অডিও বার্তার সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা হয়নি। তবে বার্তাটিতে থাকা কণ্ঠ বোকো হারামের নেতা আবু বকর শেকাউয়ের বলেই মনে করা হচ্ছে। অতীতে জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সম্পর্ক ছিল বলে ধারণা করা হয়। আল-কায়েদা থেকে আইএসও বেরিয়ে এসেছে।
বোকো হারামের টুইটারে প্রকাশ করা অডিও বার্তায় আবু শেকাউ বলেন, ‘আমরা মুসলমানদের খলিফা ইব্রাহিম ইবনে ইব্রাহিম আল-হুসেইনি আল-কুরাইশির প্রতি আনুগত্য ঘোষণা করছি।’
আট মিনিটের অডিও বার্তায় শেকাও বলেছেন, ইসলামের প্রতি দায়িত্ববোধ থেকেই এই আনুগত্য প্রকাশ করা হয়েছে। এতে ইসলামের শত্রুদের রাগিয়ে তোলা যাবে।
শেকাউ অতীতে বিভিন্ন ভিডিও বার্তায় আইএসের নেতা আল-বাগদাদির নাম নিলেও আনুষ্ঠানিকভাবে আনুগত্য প্রকাশ করেননি। তবে এসব বার্তায় ক্রমবর্ধমানভাবেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, বোকো হারাম আইএসের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। শেকাউ গত বছরই ঘোষণা দিয়েছিলেন, তাঁদের দখলে থাকা বোর্নো প্রদেশের গোজা শহর খিলাফতের অংশ। পাশাপাশি সম্প্রতি তাঁরা যেসব ভিডিও বার্তা প্রকাশ করেছেন, তার সঙ্গে আইএসের প্রচারণার অনেক মিল রয়েছে।
গৃহযুদ্ধ ও অস্থিরতার সুযোগে গত বছরের জুন মাসে সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখল করে আইএস। পরে তারা অতীতের আদলে ‘খিলাফত রাষ্ট্র’ গঠনের ঘোষণা দেয়। জঙ্গিগোষ্ঠীটির নেতা আবু বকর আল-বাগদাদি অনুসারীদের কাছে খলিফা ইব্রাহিম নামে পরিচিত।
শেকাউয়ের এই ঘোষণার তাৎক্ষণিক প্রভাব কী হতে পারে, তা মূল্যায়ন করা কঠিন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির গবেষক অ্যারন জেলিন। তবে নিশ্চিতভাবেই এর একটা বড় প্রভাব পড়বে বলে বিশ্বাস তাঁর। আর বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষক ম্যাক্স আব্রাহাম মনে করেন, আইএস ও বোকো হারাম আগে থেকেই ‘সহজাত মিত্র’। তবে এই আনুষ্ঠানিক ঘোষণাটি জঙ্গিবাদের প্রতি অধিকতর বেশি বৈশ্বিক মনোযোগ কাড়তে পারে।
তিন হামলায় নিহত ৫৮: নাইজেরিয়ার বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির একটি মাছের বাজারে গত শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এক নারী আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। এর প্রায় এক ঘণ্টার মাথায় একই বাজারে আরেকটি বিস্ফোরণ ঘটে। আর তৃতীয় বোমা হামলার ঘটনাটি ঘটে বেলা একটার দিকে ব্যস্ত বোর্নো এক্সপ্রেস বাস টার্মিনালের কাছে।
বোর্নোর পুলিশ কমিশনার ক্লেমেন্ট আদোদা জানান, এসব হামলায় নিহত হয়েছে ৫৮ জন। এ ছাড়া আহতের সংখ্যা অন্তত ১৩৯। তাৎক্ষণিকভাবে হামলাগুলোর দায় কেউ স্বীকার করেনি। তবে এ জন্য বোকো হারামকেই দায়ী করা হয়েছে।