আইভরিকোস্টে হোটেল লক্ষ্য করে নির্বিচার গুলি, নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভরিকোস্টে হোটেল লক্ষ্য করে বন্দুকধারীদের নির্বিচার গুলিতে আহত বালকের সেবা করছেন একজন সেনাসদস্য। ছবি: রয়টার্স
আইভরিকোস্টে হোটেল লক্ষ্য করে বন্দুকধারীদের নির্বিচার গুলিতে আহত বালকের সেবা করছেন একজন সেনাসদস্য। ছবি: রয়টার্স

পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্টে গ্র্যান্ড বাসাম শহরে সমুদ্র সৈকতের অবকাশযাপন কেন্দ্রের একটি হোটেল লক্ষ্য করে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ইউরোপীয় বলে জানা গেছে। আজ শনিবার এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের দায় কেউ স্বীকার করেনি।

আইভরিকোস্টের ন্যাশনাল পুলিশের একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর জানানো হয়। ওই কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে ১২ জন নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করছি...জানি না ভেতরে আরও লাশ আছে কি না। এখন আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইভরিকোস্টের রাজধানী আবিদজান থেকে ৪০ কিলোমিটার পূর্বের গ্র্যান্ড বাসাম শহরে সৈকতের অবশকাশযাপন কেন্দ্রের ইতোয়িলে ডু সুড হোটেলের অতিথিদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ওই হোটেল দেশি-বিদেশি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়।